ওয়ার্ড পুনর্বিন্যাস, সুপ্রিম কোর্টে কলকাতা পুরসভা মামলার শুনানি হতে পারে আগামী সোমবার
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী সোমবার সুপ্রিম কোর্টে হতে পারে কলকাতা পুরসভা সংক্রান্ত মামলার শুনানি। বৃহস্পতিবার এমনই ইঙ্গিত দিলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করতে গত সেপ্টেম্বর মাসে এলাকা পুনর্বিন্যাস সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে সরকার। সেই বিজ্ঞপ্তি জারির ওপর কলকাতা হাইকোর্ট সম্প্রতি স্থগিতাদেশ দিয়েছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই গত সপ্তাহে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। মামলাটি দ্রুত শুনানির জন্য বৃহস্পতিবার প্রধান বিচারপতির এজলাসে ‘মেনশন’ করা হয়। তখনই প্রধান বিচারপতি জানান, সোমবার শুনানি করা যায় কিনা, দেখছি। 

Advertisement

গত ৬ নভেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখার্জির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, কলকাতা পুরসভা আইন, ১৯৮০-র সংশোধিত দ্বিতীয় তফসিলের ভিত্তিতে কোনো নির্বাচনি বিজ্ঞপ্তি জারি করা যাবে না। ওয়ার্ড পুনর্বিন্যাসের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। বামফ্রন্ট সরকারের আমলে কলকাতা পুরসভার কাউন্সিলর থাকা সিপিআই(এম) নেতা দীপু দাসের আবেদনের ভিত্তিতেই ওই নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এবার মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে।