নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ‘বিচার চাই’ পোস্টার নিয়ে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসলেন এক গৃহবধূ। সঙ্গে ছিলেন তাঁর মা-বাবা। বৃহস্পতিবার রাতে চুঁচুড়ার সোনাটুলি এলাকায় এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। গৃহবধূ সাবিনা ইয়াসমিনের অভিযোগ, তাঁকে বিয়ে করলেও শ্বশুরবাড়িতে ঢুকতে দিচ্ছে না স্বামী। তাঁর সঙ্গে সংসার করে না, যোগাযোগও রাখে না। বৃহস্পতিবার রাতে এ নিয়ে সাবিনা জবাব চাইতে এসেছিলেন শাশুড়ি আকলিমা বিবির কাছে। অভিযোগ, তিনি সাবিনাকে মারধর করে বাড়ির বাইরে বের করে দেন। তারপরেই পোস্টার লিখে মা ও বাবাকে নিয়ে ধর্নায় বসেন সাবিনা।
তিনি বলেন, জানুয়ারি মাসে আমাকে বিয়ে করেন নজরুলউদ্দিন। তারপর বেঙ্গালুরুতে নিয়ে যান। সেখান থেকে জোর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। তারপর থেকে আর যোগাযোগ রাখেননি। বৃহস্পতিবার শ্বশুরবাড়িতে এসেছিলাম। শাশুড়ি আমাকে মেরে বের করে দেন। তাই বিচার চাইছি। এই ঘটনার জেরে পাড়ার লোকজন জড়ো হন ২ নম্বর সোনাটুলির ওই পরিযায়ী শ্রমিকের বাড়ির সামনে। পরে পুলিশ আসে।
দু’পক্ষের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করে। কিন্তু চুঁচুড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমস্যা মেটেনি। ওই গৃহবধূকে অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও নজরুলউদ্দিনের মা আকলিমা বিবি বলেন, দু’জনেই খুব ঝগড়া করে। ওদের সম্পর্ক ওদেরই ঠিক করতে হবে। আমাদের সঙ্গেও দু’জনে খারাপ ব্যবহার করে। নিজস্ব চিত্র