১৬ ঘণ্টা দেরিতে বিবেক এক্সপ্রেস, বন্দেভারত আটকাল ক্ষুব্ধ যাত্রী
  • ১৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বিবেক এক্সপ্রেস দেরিতে চলার কারণে যাত্রীবিক্ষোভের জেরে শুক্রবার হুগলির কামারকুণ্ডু স্টেশনে উত্তেজনা ছড়ায়। বিবেক এক্সপ্রেসের ক্ষুব্ধ যাত্রীরা গয়াগামী বন্দেভারত সহ একাধিক লোকাল ট্রেন আটকে দেন। ফলে, শুক্রবার সকালে হাওড়া-বর্ধমান কর্ড লাইনে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিক্ষোভের জেরে প্রায় আধঘণ্টা কর্ডলাইনে রেল চলাচল বন্ধ ছিল। তাতে পুজো মরশুমে যাত্রীদের ভোগান্তি হয়েছে। পরে রেলকর্তৃপক্ষ, জিআরপি এবং আরপিএফ মিলে পরিস্থিতি আয়ত্তে আনে। পরে বিবেক এক্সপ্রেস ও বন্দেভারত ছেড়ে গেলেও কর্ড লাইনে স্বাভাবিক পরিষেবা ফিরতে দুপুর গড়িয়ে গিয়েছিল। তাতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। এনিয়ে রেলকর্তারা কোনো মন্তব্য করতে চাননি। তবে কামারকুণ্ডু স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যা দ্রুত মেটানো হয়েছে। জানা গিয়েছে, বিবেক এক্সপ্রেস প্রায় ১৬ ঘণ্টা দেরিতে চলছিল। আপ কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক এক্সপ্রেসের বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ কামারকুণ্ডুতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু সেটি শুক্রবার ভোরে কামারকুণ্ডু এসে দাঁড়ায়। অভিযোগ, দীর্ঘ বিলম্বের পরেও কামারকুণ্ডুতে অন্য ট্রেনকে আগে ছেড়ে দেওয়া হচ্ছিল। যাত্রীরা আপত্তি তোলেন। পরে ক্ষুব্ধ যাত্রীরা সমস্ত রেললাইনগুলিতে অবরোধ শুরু করেন। ঘটনাচক্রে সেই সময় কামারকুণ্ডুতে পৌঁছায় আপ হাওড়া-গয়া বন্দেভারত এক্সপ্রেস। সেই ট্রেনটিও বিক্ষোভকারীরা আটকে দেন। একাধিক লোকাল ট্রেন আটকে দেওয়ার পাশাপাশি দু’টি লাইনে দু’টি এক্সপ্রেস ট্রেন আটকে পড়ায় রেল যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়। এরপরেই পরিস্থিতি সামাল দিতে নামে রেল কর্তৃপক্ষ। ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে আলোচনা চালিয়ে তাঁরা রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করেন। প্রায় আধঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। -নিজস্ব চিত্র

Advertisement