নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: পুজো শুরু হতে না হতেই রাজ্যজুড়ে বামপন্থী দলগুলোর প্রগতিশীল সাহিত্যের বুক স্টলে দুষ্কৃতী হামলা শুরু হয়েছে। পাল্টা প্রতিরোধও করছেন বাম কর্মী-সমর্থকরা। আবার নতুন বইয়ের স্টল উদ্বোধনও থামেনি। শুক্রবার শহরের বিভিন্ন এলাকায় বিমান বসু, পবিত্র সরকার সহ অন্যান্যরা বই স্টল উদ্বোধন করেন। এরই মধ্যে বাম ঐক্যের নজির দেখা গেল। সিপিআই(এমএল) লিবারেশনের স্টল ভেঙে দেওয়ায় সিপিএম তাদের জায়গা ছেড়ে দিল। এদিন আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দপ্তরে বামফ্রন্টের দলগুলি ছাড়াও লিবারেশন ও এসইউসিআই নেতৃত্ব একত্রে সাংবাদিক সম্মেলনে যোগ দেন।
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘পুলিশ, স্বরাষ্ট্রসচিবের কাছে আমাদের দাবি, দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।আমরা আক্রান্ত হচ্ছি, কিন্তু পরিশ্রান্ত নই।’ তিনি আরও বলেন, ‘এই প্রথম বামফ্রন্টের বাইরেও বামদলগুলো একত্রে মুজফফর আহমেদ ভবনে সাংবাদিক সম্মেলন করছে। বুঝতে হবে, আমরা বামপন্থীরা এই বিষয়টা কতটা গভীর ভাবে দেখছি। বাংলার পরিবেশকে আমরা নষ্ট হতে দেব না।’ এসইউসিআইয়ের তরফে চণ্ডীদাস ভট্টাচার্য, ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায়, লিবারেশনের কার্তিক পাল ও বাসুদেব বসু, সিপিআইয়ের স্বপন বন্দ্যোপাধ্যায় ও আরএসপির দেবাশিস চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। এদিকে, বনগাঁয় সিপিএমের বুক স্টল দেওয়া নিয়ে শুক্রবার হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, পুলিশের অনুমতি না থাকলে, টেবিল-ছাতা পেতেও কেউ কোনও স্টল করতে পারবে না। আগামী ২১ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি।
অন্যদিকে, শুক্রবারও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বামেদের বুক স্টলের উপর আক্রমণের খবর এসেছে। বেলেঘাটাতে ভাঙা স্টলেই বইপত্র নিয়ে বসেছে সিপিএম। কলকাতার জোড়াবাগান, কাঁকুড়গাছি, বেহালা, এন্টালিতেও বামেদেরকে বাধার মুখে পড়তে হয়েছে স্টল করতে গিয়ে। বীজপুরের পর বৃহস্পতিবার রাতে নৈহাটি বিধানসভা কেন্দ্রের পলাশি মাঝিপাড়া গ্রাম পঞ্চায়েতের চারাপোল এবং নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত পলতার শান্তিনগরে সিপিএমের বুক স্টল ভেঙে পুড়িয়ে দেওয়া হয়। অভিযোগের তির বিজেপির দিকে। বিজেপি নেতা তথা মন্ত্রী অর্জুন সিংবলেছেন, ‘সিপিএমের স্টল থাকবে না।’ ঢাকুরিয়ায় সিপিআইয়ের বুকস্টলের জন্য কোনো অনুমতি নেই—এই অভিযোগে এদিন সন্ধ্যায় তা তুলে দেয় লেক থানার পুলিশ। একইভাবে বেহালার শীলপাড়ায় বন্ধ করা হয়েছে স্টল। দক্ষিণ ২৪ পরগনার কুলপি বিডিও অফিসের সামনে সিপিএমের বুকস্টল সকাল দশটা নাগাদ বেশ কয়েকজন বিজেপি কর্মী এসে ভেঙে দেয় বলে অভিযোগ। দুই পক্ষের বচসাও হয়। তবে পরে সিপিএম কর্মীরা স্টলটি সরিয়ে নিয়ে গিয়ে নতুন করে তৈরি করেন। একই ঘটনা ঘটেছে মৈপীঠ, কাশীবাজার ও বৈকুণ্ঠপুরে।



