Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শুধু দেশে নয়, বিদেশেও বিশ্বভারতীর নাম খারাপ হয়েছিল, মন্তব্য উপাচার্যের, নাম না করে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে কটাক্ষ

বুধবার শান্তিনিকেতনে পরীক্ষামূলক ভাবে চালু হল হেরিটেজ ওয়াক। বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষের তৎপরতায় গত পাঁচ বছর ধরে বন্ধ থাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যটকদের জন্য পুনরায় খুলতে চলায় অত্যন্ত খুশি রবীন্দ্র অনুরাগী মানুষজন।

শুধু দেশে নয়, বিদেশেও বিশ্বভারতীর নাম খারাপ হয়েছিল, মন্তব্য উপাচার্যের, নাম না করে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে কটাক্ষ
  • ২৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: বুধবার শান্তিনিকেতনে পরীক্ষামূলক ভাবে চালু হল হেরিটেজ ওয়াক। বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষের তৎপরতায় গত পাঁচ বছর ধরে বন্ধ থাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যটকদের জন্য পুনরায় খুলতে চলায় অত্যন্ত খুশি রবীন্দ্র অনুরাগী মানুষজন। এদিন হেরিটেজ ওয়াকের ট্রায়ালেও হাজির ছিলেন তিনি। হেরিটেজ ওয়াকের জন্য টিকিটের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। সেই ব্যবস্থাকেও স্বাগত জানিয়েছেন সকলে। এদিন প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম না করে তাঁর আমলকে কটাক্ষ করেন বর্তমান উপাচার্য প্রবীরকুমার ঘোষ। তিনি বলেন, একটা সময়ে বিশ্বভারতীতে যে নেতিবাচক আবহ তৈরি হয়েছিল তাতে শুধু দেশে নয়, বিদেশেও প্রতিষ্ঠানের নাম খারাপ হয়েছিল‌।

Advertisement

প্রসঙ্গত, উপাচার্য পদে যোগদান করার পরই ক্যাম্পাসকে পর্যটকদের জন্য উন্মুক্ত করার ভাবনা প্রকাশ করেন প্রবীরবাবু। তার প্রেক্ষিতেই হেরিটেজ ওয়াকের পরিকল্পনা করে কর্তৃপক্ষ। গত মার্চ মাস থেকে হেরিটেজ ওয়াকের প্রস্তুতি শুরু হয়। কোথাও কোনও ভুল বা সংশোধনীর প্রয়োজন আছে কি না, তা দেখার জন্য এদিন হেরিটেজ ওয়াকের ট্রায়াল হয়। এদিন সকালে শান্তিনিকেতনের উপাসনা গৃহে সাপ্তাহিক উপাসনার পর উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, অধ্যাপক ও কর্মীরা প্রশিক্ষণপ্রাপ্ত গাইডের সঙ্গে ক্যাম্পাসের কোর হেরিটেজ এলাকা ঘুরে দেখেন। পর্যটকদের জন্য জুলাইয়ের শেষ সপ্তাহ বা আগস্টের প্রথম সপ্তাহে শুরু হয়ে যাবে হেরিটেজ ওয়াক। রবীন্দ্রভবনের ডিরেক্টর অমিত হাজরা বলেন, হেরিটেজ এলাকা পরিদর্শনের জন্য সাধারণ পর্যটকদের লাগবে মাথাপিছু ৩০০ টাকা। একক পড়ুয়ার জন্য ১৫০ টাকা। ছাত্রছাত্রীদের ব্যাচ নিয়ে এলে জনপ্রতি ৫০ টাকা। বিদেশি পর্যটকদের লাগবে ১০০০ টাকা এবং রবীন্দ্রভবন দেখার জন্য মাথাপিছু টিকিট মূল্য আগের মতোই ১০০ টাকা, গাইড সহ দেখলে ২৫০ টাকা ধার্য করা হয়েছে। রবীন্দ্রভবন সংগ্রহশালা থেকেই সমস্ত টিকিটই মিলবে। অনলাইন বুকিংও শিগগিরই চালু হবে। এ প্রসঙ্গে উপাচার্য বলেন, দর্শনার্থীদের স্বার্থে আমরা অত্যন্ত দ্রুতগতিতে কাজ করেছি। আশা করি তাঁরা এটি উপভোগ করবেন। আপাতত সপ্তাহে একদিন রবিবারই হেরিটেজ ওয়াক হবে। হেরিটেজ ওয়াকে আপৎকালীন পরিস্থিতির জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট ও অ্যাম্বুলেন্স রাখা হবে। আশা করি নভেম্বর- ডিসেম্বরের মধ্যেই অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা চালু হয়ে যাবে। আপাতত হেরিটেজ ওয়াক, রবীন্দ্রভবন, কলাভবন প্রভৃতির জন্য আলাদা টিকিট করা হয়েছে। তবে যাঁরা সবকিছু দেখতে চান, তাঁদের জন্য একটা কম্বো টিকিট করারও চিন্তাভাবনা চলছে। সেখানে ছাড়ের ব্যবস্থাও থাকবে। যখন অনলাইন ব্যবস্থা চালু হবে, তখনই কম্বো টিকিটও চালু করা হবে।‌ বিশ্বভারতী ছাড়াও শ্রীনিকেতন সহ অন্যান্য জায়গায় পরবর্তীকালে ঘোরানোর ব্যবস্থা করা হবে। ছাত্রছাত্রীরা তাঁদের নিজেদের তৈরি জিনিসপত্র বিক্রির জন্য প্রদর্শনী করবেন। পর্যটকরা সেগুলি কিনতে পারেন। এসবই আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। স্থানীয় সহ দেশ ও বিদেশে নানা প্রান্তের পর্যটকদের জন্য বাংলা, হিন্দি ও ইংরেজি তিনটি ভাষায় বিবরণীর ব্যবস্থা রাখা হয়েছে।  হেরিটেজ ওয়াকের টিকিটের উদ্বোধন করছেন উপাচার্য প্রবীরকুমার ঘোষ। নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ