Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ব্যাপক অনিয়মের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়া স্থগিত বিশ্বভারতী কর্তৃপক্ষের

বিশ্বভারতীতে সহযোগী ও সহকারী অধ্যাপক পদে যোগ্য ব্যক্তিদের ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে না। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করা হয়েছে।

ব্যাপক অনিয়মের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়া স্থগিত বিশ্বভারতী কর্তৃপক্ষের
  • ১২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: বিশ্বভারতীতে সহযোগী ও সহকারী অধ্যাপক পদে যোগ্য ব্যক্তিদের ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে না। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করা হয়েছে। এমন অভিযোগ তুলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন কয়েকজন অধ্যাপক। এই ঘটনার পরই নড়েচড়ে বসল বিশ্বভারতী কর্তৃপক্ষ। সোমবার সেই নিয়োগ পরীক্ষা ছিল। তার একদিন আগে রবিবার পরীক্ষা স্থগিত করল বিশ্ববিদ্যালয়। এদিন একটি নোটিস দিয়ে ‘অনিবার্য কারণবশত’ পরীক্ষা স্থগিত করার কথা উল্লেখ করেছে বিশ্বভারতী। এই বিষয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, এখন বিশ্বভারতীর কিছু জরুরি কাজ এসে যাওয়ায় ইন্টারভিউ প্রক্রিয়াটি সম্পন্ন করা যাচ্ছে না। কিছুদিন পরে বিজ্ঞপ্তি দিয়ে আবার নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

Advertisement

উল্লেখ্য, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বিশ্বভারতীতে। আধিকারিকদের পাশপাশি গত কয়েকমাস আগে বিশ্বভারতীর তরফে সহযোগী ও সহকারী অধ্যাপকদের নিয়োগের একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। তাতে বেশ কয়েকটি বিভাগে সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক মিলিয়ে বেশ কিছুজনকে নিয়োগ করা হবে। সেই নিয়োগ প্রক্রিয়াও প্রায় শেষের পর্যায়ে। আগামীকাল ১২ ও ১৩ জানুয়ারি বাংলা বিভাগে ইন্টারভিউ ছিল। কিন্তু সেই ইন্টারভিউয়ে অনেক যোগ্য প্রার্থীকেই ডাকা হয়নি বলে অভিযোগ ওঠে। তাঁরা বিশ্বভারতীর পরিদর্শক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপাচার্য প্রবীরকুমার ঘোষকে চিঠি লেখেন। আবার অনেকে সোশ্যাল মিডিয়াতে সরব হন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যাঁরা ইন্টারভিউয়ে ডাক পেয়েছিলেন, রবিবার সকালে তাঁদের বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে ফোন করা হয়। আগামীকাল ও পরশু যে পরীক্ষা হচ্ছে না, তা জানানো হয়। এদিন দুপুরের দিকে বিশ্ববিদ্যলয়ের ওয়েবসাইটে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়। অর্থাৎ এই নিয়োগের জন্য ইন্টারভিউ আপাতত স্থগিত রাখা হয়েছে। বাংলা বিভাগের মোট তিনটি অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। যার মধ্যে একটি সহকারী অধ্যাপক ও দু’টি সহযোগী অধ্যাপকের পদ ছিল। তিনটি পদের জন্য ৩৩জনকে ডাকা হয়েছিল বলে জানা যায়। এই অধ্যাপক পদের প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের স্ক্রিনিংয়ের অনিয়মের অভিযোগে ওঠাতেই ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে বলে মনে করছেন ডাক না পাওয়া প্রার্থীরা। 
অভিযোগকারীদের পক্ষে পশ্চিম মেদিনীপুর নারায়ণগড় সরকারি কলেজের অধ্যাপক সৌগত মুখোপাধ্যায় জানান, আমরা দাবি করেছিলাম সঠিক ও স্বচ্ছভাবে নিয়োগ হোক। আজকে কোথাও মনে হচ্ছে এর পিছনে স্বচ্ছতার অভাব ছিল। যার কারণে কর্তৃপক্ষ আমাদের দাবিকে মান্যতা দিয়ে এটি স্থগিত করতে বাধ্য হয়েছে। এখনও আমাদের দাবি স্বচ্ছভাবে নিয়োগ হোক ও যোগ্যপ্রার্থীদের ডাকা হোক। শ্রীরামপুর কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক সুমন ঘোষ জানান, এবার হয়তো ইন্টারভিউ ডাকার লিস্ট ঠিক থাকলেও,  কোনও স্বচ্ছ নিয়োগ হবে বলে আশা করছি না। বিশ্বভারতীর সঙ্গে দুর্নীতি জড়িয়ে রয়েছে। তবে, স্বচ্ছভাবে যোগ্য ব্যক্তিদের নিয়োগের দাবি জানাচ্ছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ