নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার পুজোয় নতুন চমক। লেকটাউনের নেতাজি স্পোর্টিং ক্লাবের পুজোর থিম 'নগর কথা'। মণ্ডপে ঢুকেই দর্শনার্থীরা হারিয়ে যাবেন পুরানো কলকাতায়। রীতিমতো নস্টালজিক হয়ে উঠবেন। দাবি করছেন ক্লাবের উদ্যোক্তা থেকে শুরু করে শিল্পী। প্রতিমার শাড়ি জুড়ে থাকছে কলকাতার প্রতিচ্ছবি। সেখানে রয়েছে কলকাতার হেরিটেজ স্পটগুলিও। দেখা যাবে হাওড়া ব্রিজ থেকে শুরু করে রাইটার্স বিল্ডিং, কালীঘাট মন্দির-সহ আরও অনেক কিছুই। মণ্ডপের ভিতরে থাকছে ১৬৯০ সালের সুবিশাল কলকাতার ম্যাপ। শিল্পী মলয় রায় এবং শুভময় সিনহার হাতের যাদুতেই সেজে উঠছে গোটা মণ্ডপ।
পুরানো কলকাতার ইতিহাস একেবারে সামনে থেকে উপলব্ধি করার সুযোগ তো থাকছেই। সেই সঙ্গে মণ্ডপের একেবারে সামনের অংশে থাকছে আরও বড় চমক। ঢুকলেই দেখা যাবে সাবর্ণ রায় চৌধুরী বাড়ির আদল। আমরা সকলেই জানি বা বইতে পড়েছি, কলকাতার আবিষ্কারক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা জোব চার্নক। তবে ২০০৩ সালে কলকাতা হাইকোর্ট এক রায়ে স্পষ্ট জানায় যে, ব্রিটিশদের আসার আগে থেকেই এই অঞ্চলে জনবসতি এবং বাণিজ্যকেন্দ্র ছিল।
শিল্পীরও দাবি, কলকাতার উল্লেখ অনেক আগেই মনসা মঙ্গল কাব্যে রয়েছে। মণ্ডপের সহকারী শিল্পী শুভময় দত্ত। তাঁরও দাবি, এই মণ্ডপে ঢোকা মাত্রই এক্কেবারে হারিয়ে যাবেন পুরানো কলকাতায়। যে কলকাতা আজ অনেক বদলে গিয়েছে। জানা যাবে, অনেক না জানা ইতিহাসও।