নয়াদিল্লি: আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-২০ বিশ্বকাপের আসর। পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে অধিকাংশ টিম টুর্নামেন্টের অনেক আগেই ভারতে চলে আসতে চাইছে। কিন্তু বাধা হচ্ছে ভিসা সমস্যা। আসলে অনেক দেশেই খেলেন পাক বংশোদ্ভূত ক্রিকেটার। কিন্তু সেই সব ক্রিকেটাররা ভারতে আসার ভিসা পাচ্ছিলেন না। তা নিয়ে তীব্র হচ্ছিল অসন্তোষ। অবশেষে পদক্ষেপ নিল আইসিসি। তাতেই পাক বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা জট কেটেছে বলে শোনা যাচ্ছে। আসলে কোনও দেশে আন্তর্জাতিক টুর্নামেন্ট হলে বেশ কিছু নিয়ম মানতে হয়। না হলে টুর্নামেন্ট অন্যত্র সরিয়ে নেওয়ার সম্ভাবনা থাকে। পাক বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা মঞ্জুরের ক্ষেত্রে তেমনই জটিলতা তৈরি হচ্ছিল। তাতে মুখ পুড়ত খোদ জয় শাহর। তাই আইসিসি’র কর্তারা ভিসা সমস্যা মেটাতে উদ্যোগী হন।



