লন্ডন: অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি আগেই শুরু করে দিয়েছিলেন বিরাট কোহলি। শনিবার প্রকাশ্যে এল তাঁর লর্ডসের ইন্ডোর নেটে তাঁর অনুশীলনের কথা। জানা গিয়েছে, সেখানেই নিয়মিত প্রস্তুতিতে ডুবে রয়েছেন তিনি। দিনে ঘণ্টা দুয়েক ধরে চলছে ব্যাটিং। পেস ও স্পিন, উভয়ের বিরুদ্ধেই বিভিন্ন ধরনের শট নিচ্ছেন ভিকে। টেস্ট ও টি-২০ ফরম্যাট থেকে অবসর নিলেও যেভাবে তিনি ঘাম ঝরাচ্ছেন, তাতে অভিভূত উপস্থিত সকলে। প্র্যাকটিস সেশনের পর ভক্তদের সঙ্গে ছবিও তুলেছেন বিরাট। সেই ছবি আবার ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
আইপিএলের পর থেকেই কোহলি রয়েছেন বিশ্রামে। ১৯ অক্টোবর থেকে ডন ব্র্যাডম্যানের দেশে তিন ম্যাচের ওডিআই সিরিজে অবশ্য খেলবেন তিনি। ক্রিকেট মহলে জল্পনা জোরদার যে, রোহিত শর্মার মতো বিরাটও ওই সিরিজের পর ব্যাট তুলে রাখবেন। তবে বিসিসিআই সেই ধারণা উড়িয়ে দিয়েছে। দুই মহাতারকাকে তাড়াহুড়ো করে অবসরের পথে ঠেলে দেওয়া হবে না বলেই জানানো হয়েছে বোর্ডের তরফে।
সম্প্রতি উত্তপ্রেদেশের এক ডানহাতি ব্যাটসম্যান স্বস্তিক চিকারার কথা হয়েছে বিরাটের সঙ্গে। সেই কথোপকথন প্রসঙ্গে চিকারা বলেছেন, পুরো ফিট থাকা পর্যন্তই খেলবেন বিরাট। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে তিনি খেলবেন না বলেই জানিয়েছেন। বরং সিংহের মতোই খেলতে চান বিরাট। যেদিন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে হবে, সেদিনই ক্রিকেটকে বিদায় জানাবেন বলেও বক্তব্য তাঁর। ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপের দিকে চোখ রয়েছে বিরাটের। কিন্তু তারজন্য ধারাবাহিকতা প্রয়োজন। আর সেটা জানেন খোদ কোহলিও।