Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আইপিএলের সাফল্যকে টেস্টের তৃপ্তির ঊর্ধ্বে রাখতে নারাজ বিরাট

দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান! বিরাট কোহলিদের আইপিএল জয়ে আবেগের বিস্ফোরণ যে ঘটবে, তা প্রত্যাশিতই ছিল

আইপিএলের সাফল্যকে টেস্টের তৃপ্তির ঊর্ধ্বে রাখতে নারাজ বিরাট
  • ৫ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

বেঙ্গালুরু: দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান! বিরাট কোহলিদের আইপিএল জয়ে আবেগের বিস্ফোরণ যে ঘটবে, তা প্রত্যাশিতই ছিল। কিন্তু উত্সবে শামিল হতে এসে ১১ জন সমর্থকের প্রাণ যাবে, তা কেউ দুঃস্বপ্নেও ভাবেননি। কিন্তু আশ্চর্যের বিষয়, এমন মর্মান্তিক ঘটনার পরেও চিন্নাস্বামী স্টেডিয়ামে চলল সেলিব্রেশন! বিজয়োত্সবের ঝোঁকে মানবিকতাবোধটুকুও হারিয়ে ফেলল আরসিবি’র কর্তারা। তাই তো পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর খবর ক্রিকেটারদের কাছে প্রথমে বিলকুল চেপে গিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা। অবশ্য পরিস্থিতির ভয়াবহতার কথা বিবেচনা করে বিজয়োৎসবে দ্রুত দাঁড়ি টানেন তাঁরা।

Advertisement

স্টেডিয়ামের বাইরের ঘটনা অবশ্য আঁচ করতে পারেননি বিরাট কোহলিরা। ৩২-৩৩ হাজার সমর্থকের উল্লাসে তখন গমগম করছিল চিন্নাস্বামী। আর বিরাট মাইক্রোফোন হাতে তুলে নেওয়ার পর তো পাগলপারা অবস্থা। কিছু বলতে গিয়ে কোহলি বারবার থেমে যাচ্ছিলেন শব্দব্রহ্মের অভিঘাতে। অবশেষে সমর্থকরা কিছুটা শান্ত হতে বিরাট বলেন, ‘আমার হাতে বেশি সময় নেই। শুধু বলতে চাই, এবার থেকে ‘ই সালা কাপ নামদে নয়, ই সালা কাপ নামদু।’ আপনারা এর জন্য ১৮ বছর অপেক্ষা করেছেন। অবশেষে স্বপ্নপূরণ হল।’
 এদিকে, কেরিয়ারের প্রথম আইপিএল জয়ে প্রাপ্তির ভাঁড়ার পূর্ণ হয়েছে কোহলির। তবে সেই পরম প্রাপ্তির দিনেও টেস্ট ক্রিকেটকে এগিয়ে রাখলেন মহাতারকা। মঙ্গলবার ম্যাথু হেডেনের সঙ্গে আলাপচারিতায় ভিকে বলছিলেন, ‘আমার কেরিয়ারের সেরা মুহূর্তগুলির মধ্যে অন্যতম আইপিএল জয়। তারপরও টেস্ট ক্রিকেটের থেকে এই সাফল্যকে পাঁচ ধাপ নীচেই রাখব। কারণ টেস্ট ক্রিকেট সর্বোত্তম। তরুণদের উদ্দেশ্যে পরামর্শ, এই ফরম্যাটকে গুরুত্ব দাও। টেস্ট ক্রিকেটে ভালো পারফরম্যান্স মেলে ধরতে পারলে, বিশ্বের যে কোনও জায়গায় তুমি সম্মান পাবে। সবাই পিঠ চাপড়ে বাহবা জানাবে।’ ভিকে জানিয়ে দিয়েছেন, কেরিয়ারের শেষ দিন পর্যন্ত আরসিবি’র জার্সিতে খেলতে চান। তাঁর মন্তব্য, ‘আমি বরবারই বড় টুর্নামেন্ট বা আসরে সাফল্যের আশায় উদগ্রীব হয়ে থাকি। কিন্তু আইপিএলের ট্রফিটা বছরের বছর অধরা ছিল। বহুদিনের শূন্যতা অবশেষে পূর্ণ হল। এখন রাতে আমি শিশুর মতো ঘুমাতে পারব।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ