লন্ডন: ২০০৮ সালের ১৮ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন বিরাট কোহলি। ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ওপেন করতে নেমে মাত্র ১২ রানে ফেরেন তিনি। সোমবার আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বছর পূর্ণ হল তাঁর। আর এদিনই বিরাটের প্র্যাকটিস সেশনের ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। উল্লেখ্য, অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওডিআই সিরিজে খেলবেন তিনি। তার জন্য বিলেতে আগেই প্র্যাকটিস শুরু করেছেন ভিকে। পঞ্চাশ ওভারের ফরম্যাটে তাঁর ভবিষ্যৎ নিয়ে ক্রিকেট মহলে প্রশ্ন উঠছে। ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মার মতো তাঁর খেলা নিয়েও চলছে জল্পনা। টেস্ট ও টি-২০ ক্রিকেটে আগেই অবসর নিয়েছেন বিরাট। সেজন্যই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তাঁর ভালো খেলা জরুরি।



