জয়পুর: সিকিমের বিরুদ্ধে মুম্বইয়ের জয়ের পর মাঠ ছাড়ছিলেন রোহিত শর্মা। হঠাত্ বিরাট কোহলির ১৮ নম্বর জার্সি পরিহিত এক খুদে দৌড়ে হিটম্যানের কাছে চলে আসে। রোহিতের পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলে তারকা ক্রিকেটার তাকে বাধা দিয়ে স্নেহ আদরে ভরিয়ে দেন। সোশ্যাল মিডিয়ায় রোহিতের সেই ভিডিও রীতিমতো ভাইরাল। শুধু মাঠের বাইরে নয়, ২২ গজে ব্যাট হাতেও মানুষের মন জিতেছেন হিটম্যান। দীর্ঘসময় পর বিজয় হাজারে ট্রফিতে নেমে ১৫৫ রানের ইনিংস হাঁকিয়েছেন তিনি। শুক্রবার তাঁর দল মুম্বই দ্বিতীয় ম্যাচে নামছে। সোয়াই মানসিং স্টেডিয়ামে প্রতিপক্ষ উত্তরাখণ্ড। এই ম্যাচেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রোহিত। ছন্দ ধরে রেখে তাঁর জ্বলে ওঠার আশায় অনুরাগীরা। পাশাপাশি দিল্লির হয়ে প্রথম ম্যাচে শতরান হাঁকিয়েছেন বিরাট কোহলিও। শুক্রবার রাজধানীর দলটি গুজরাতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবে। বিসিসিআইয়ের সেন্টার অব এক্সলেন্সে ফের জ্বলে উঠতে প্রস্তুত বিরাট।
দীর্ঘদিন পর বিজয় হাজারে ট্রফিকে ঘিরে এমন উন্মাদনা দেখা দিয়েছে। এর প্রধান কারণ অবশ্য রোহিত-বিরাটের উপস্থিতি। ক’দিন আগেও তাঁদের কেরিয়ার ঘিরে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু সব আশঙ্কাকে উড়িয়ে চেনা ছন্দে দুই মহাতারকা। একের পর এক সেঞ্চুরি হাঁকিয়ে তাঁরা প্রমাণ করেছেন, ‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট।’ কিন্তু দুর্ভাগ্যবশত, বিজয় হাজারে ট্রফির সব ম্যাচ টেলিকাস্ট হচ্ছে না। বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে প্রথম ম্যাচে বিরাট কোহলির খেলা দেখতে না পেয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। উল্লেখ্য, দক্ষিণ আফিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওডিআই সিরিজেও দারুণ ফর্মে ছিলেন ভিকে। দু’টি শতরান হাঁকান। সেই ছন্দ বিজয় হাজারে ট্রফিতেও অব্যাহত। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ১৩১ রানের ইনিংস উপহার দেন তিনি। বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মার মন্তব্য, ‘দীর্ঘদিন পর বিরাট ঘরোয়া ক্রিকেটে নেমেছিল। তারপরও কী অসাধারণ ইনিংসটাই না খেলল! এই মুহূর্তে ভারতীয় টিমে সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটার ও। বোঝা যাচ্ছে, ২০২৭ বিশ্বকাপের জন্য পুরোপুরি তৈরি।’ বিরাট, রোহিতের পাশাপাশি নজর থাকবে শুভমান গিলের উপর। বিজয় হাজারে ট্রফিতে পাঞ্জাবের প্রথম ম্যাচে খেলেননি তিনি। তবে শুক্রবার ছত্তিশগড়ের বিরুদ্ধে তাঁর মাঠে নামার সম্ভাবনা প্রবল।
এদিকে, বিজয় হাজারে ট্রফির শুরুটা দুর্দান্ত করেছে বাংলাও। বিদর্ভের বিরুদ্ধে ৩৮২ রান তাড়া করে জিতেছে লক্ষ্মীরতন শুক্লার দল। শুক্রবার রাজকোটে ক্রুণাল পান্ডিয়ার বরোদার বিরুদ্ধে নামছেন অভিমন্যু ঈশ্বরণ-মহম্মদ সামিরা। জয়ের ছন্দ বজাই রাখাই লক্ষ্য বঙ্গ-ব্রিগেডের।