Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

অবশেষে ধরা পড়ল ভাইরাল ‘ইলিশ চোর’

সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছিল মাছ নিয়ে পালানোর ছবি। সেই ছবি দেখে নিউ বারাকপুর বাজারে ধরা পড়লেন মধ্যমগ্রাম বাজারের ‘ইলিশ চোর’ বলে অভিযুক্ত মহিলা।

অবশেষে ধরা পড়ল ভাইরাল ‘ইলিশ চোর’
  • ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছিল মাছ নিয়ে পালানোর ছবি। সেই ছবি দেখে নিউ বারাকপুর বাজারে ধরা পড়লেন মধ্যমগ্রাম বাজারের ‘ইলিশ চোর’ বলে অভিযুক্ত মহিলা। পরে তাঁকে মধ্যমগ্রাম থানার পুলিশের হাতে তুলে দেন বাজারের ব্যবসায়ীরা। পুলিশ জানিয়েছে, ধৃত মহিলার নাম মনীষা ঘোষ। তাঁর বাড়ি মধ্যমগ্রামের মেঘদূত এলাকায়। ইলিশ বাবদ ২৭০০ টাকা ব্যবসায়ীকে দিতে হয়েছে মনীষাকে।

Advertisement

ঘটনাটি ঘটেছিল গত বৃহস্পতিবার। মধ্যমগ্রামে সোদপুর রোডের ধারে কালীবাড়ি বাজারে মাছ ব্যবসায়ী প্রসেনজিৎ বিশ্বাসের দোকানে আসেন মহিলা। বড়ো মাপের ইলিশ চান তিনি। প্রসেনজিৎ প্রায় দেড় কেজি ওজনের একটি ইলিশ বের করে দেন। দাম ৩৭০০ টাকা। অভিযোগ, টাকা সঙ্গে নেই জানিয়ে মহিলা বলেন, কাছেই তাঁর জামাকাপড়ের দোকান। সেখানে পৌঁছালেই মাছের দাম দিয়ে দেবেন। তাঁর কথায় বিশ্বাস করে ইলিশটি মহিলার থলিতে ঢুকিয়ে দেন প্রসেনজিৎ। সঙ্গে তাঁর ভাইকে মহিলার সঙ্গে রিকশয় করে পাঠান। কিছুটা যাওয়ার পর একজনকে ফোন করেন মহিলা। পরে একটি দোকান দেখিয়ে রিকশচালক এবং ব্যবসায়ীর ভাইকে টাকা আনতে পাঠান। তারা টাকা আনতে যেতেই রিকশ থেকে নেমে পালিয়ে যান মহিলা। তারপর থেকে তাঁর আর খোঁজ মেলেনি। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেয়। ফুটেজ দেখেই বুধবার নিউ বারাকপুর বাজারে মহিলাকে চিনতে পারেন কয়েকজন ব্যবসায়ী। তাঁকে আটক করে খবর দেওয়া হয় মধ্যমগ্রাম বাজার কমিটিকে। এরপর মাছ ব্যবসায়ী প্রসেনজিৎ বিশ্বাস সহ কয়েকজন নিউ বারাকপুর বাজারে যান। মহিলাকে মধ্যমগ্রামে নিয়ে আসা হয়। মধ্যমগ্রাম থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাঁকে পাকড়াও করে।

Advertisement
সম্পর্কিত সংবাদ