নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: তৃণমূলের মহিলা সভানেত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক ভিলেজ পুলিসকে গ্রেপ্তার করল চাপড়া থানার পুলিস। ধৃতের নাম অমিত পাল। বাড়ি চাপড়া থানার শ্রীনগর এলাকায়। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ, বুধবার ধৃতকে কৃষ্ণনগর আদালতে তোলা হবে। সোমবার রাতে ওই তৃণমূল নেত্রী চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি সামনে আসে। ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় চলছে গোটা কৃষ্ণনগরে। অভিযোগকারিনী চাপড়া ব্লকের একটি পঞ্চায়েতের মহিলা সভানেত্রী পদে রয়েছেন বলে জানা গিয়েছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ৪ জুলাই রাতে চাপড়া থানার অন্তর্গত রানাবন্ধ এলাকা থেকে খ্রিস্টানপাড়ায় আসছিলেন ওই মহিলা নেত্রী। সেই সময় ভিলেজ পুলিস অমিত ওই মহিলার হাত ধরে টানাটানি করে। তাঁকে কুপ্রস্তাব দেওয়া হয়। তৃণমূল নেত্রী ভয়ে দৌড়ে বাড়িতে ঢুকে যান। অমিতও নাছোড়। বাড়ির দরজা, জানালায় সে ধাক্কাধাক্কি করে। বেগতিক বুঝে ওই মহিলা চাপড়া থানায় ফোন করেন। পুলিস এসে পৌঁছয়। অমিত পালিয়ে যায়। ওই রাতেই মহিলাকে অভিযোগ দায়ের করতে বলে পুলিস। পরের দিন সকালে গিয়ে অভিযোগ দায়ের করবেন বলে জানান মহিলা। কিন্তু পরের দিন থানায় গিয়ে ওই মহিলা নেত্রী কোনও অভিযোগ দায়ের না করে পুলিসকে অনুরোধ করেন, যাতে ওই ভিলেজ পুলিস ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটায়, তা নিশ্চিত করতে। পুলিস অফিসাররা অমিতকে ডেকে পাঠান এবং তাকে সতর্ক করে দেন। সেইমতো অমিত শ্রীনগরে তার ভাড়া বাড়িতে ফিরে আসে। সোমবার রাতে রানাবন্ধ এলাকার সাত-আট জন রাজনৈতিক প্রভাবশালীদের মাধ্যমে ওই মহিলাকে হুমকি দেয় অমিত। এমনকী, ওই মহিলার যে কোনও অভিযোগ নেই, তা লিখে দিতে বলে। বিষয়টি তিনি চাপড়া থানায় জানান। রাতেই অমিতের নামে শ্লীলতাহানির অভিযোগে করেন তিনি। মঙ্গলবার রাতে অমিতকে গ্রেপ্তার করে পুলিস। থানার এক আধিকারিক জানান, মহিলার অভিযোগের ভিত্তিতে এক ভিলেজ পুলিসকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।