সংবাদদাতা, কালনা: রবিবার নাদনঘাট থানার বগপুর পঞ্চায়েতের চণ্ডীপুর থেকে বিহারীপাড়া পর্যন্ত ঢালাই রাস্তার কাজের সূচনা হল। মন্ত্রী স্বপন দেবনাথের উপস্থিতিতে রাস্তার কাজের সূচনা করেন গ্রামের বধূ পাপিয়া মাঝি। জেলা পরিষদের অর্থানুকুল্যে ১০ ফুট চওড়া ও ৬ ইঞ্চি মোটা এক কিলোমিটারের বেশি রাস্তা তৈরি করা হচ্ছে। যার জন্য বরাদ্দ হয়েছে ৬৩ লক্ষাধিক টাকা। এই দীর্ঘ রাস্তায় ছ’টি কালভার্ট তৈরি হবে। এদিন কাজের সূচনা হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ পূর্বস্থলী-১ ব্লকের বগপুর পঞ্চায়েতের চণ্ডীপুর থেকে দামোদরপাড়া হয়ে বিহারিপাড়ার দিকে জনসংযোগে গিয়ে ছিলেন। তখন মন্ত্রীর কাছে এলাকার বেহাল রাস্তা সংস্কারের জন্য আবেদন জানান গৃহবধূ পাপিয়া। স্বপনবাবু রাস্তা সংস্কারের আশ্বাস দেন। সেই মতো জেলা পরিষদের আর্থিক সহায়তায় রাস্তা সংস্কারের অনুমোদন হয়। রবিবার সেই রাস্তার কাজের সূচনা হয়। এদিন স্বপনবাবু দাঁড়িয়ে থেকে সেই গৃহবধূকে দিয়ে রাস্তার কাজের সূচনা করান।
পাপিয়াদেবী বলেন, চণ্ডীপুর থেকে বিহারীপাড়া পর্যন্ত রাস্তাটি খুবই খারাপ অবস্থা। স্কুলের ছেলেমেয়ে থেকে সাধারণ মানুষ সকলকে খুবই সমস্যায় যাতায়াত করতে হয়। এলাকার রাস্তা খারাপের কথা মন্ত্রীর কাছে বলেছিলাম। তিনি রাস্তা সংস্কারের আশ্বাস দিয়ে ছিলেন। তিনি কথা রেখেছেন। রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকার কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের খুবই সুবিধা হবে। এরজন্য আমরা মন্ত্রীর কাছে কৃতজ্ঞ।
স্বপনবাবু বলেন, এলাকার সমস্যা ও উন্নয়নে এলাকার বাসিন্দাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। স্কুল পড়ুয়া থেকে ক্লাব সদস্য ও এলাকার সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়েই হবে উন্নয়ন। রাস্তা তৈরির সিডিউল অনুযায়ী কাজ বুঝে নেবেন এলাকার বাসিন্দারা।-নিজস্ব চিত্র