নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গোবিন্দপুরের রতন পুরকায়েত। মোহন বাগান অন্তঃপ্রাণ। পাল তোলা নৌকার খেলা থাকলে মাঠে যাওয়া চাই। ডার্বি থাকলে তো কথাই নেই। শুধু একা নন, সঙ্গে নিয়ে আসতেন ছেলে বিকাশকেও। কিন্তু নিয়তির পরিহাসে ভেঙেছে জুটি। গত সোমবার না-ফেরার দেশে পাড়ি দিয়েছেন রতনবাবু। অথচ ক’দিন আগেই ছেলেকে বলছিলেন, ‘ডুরান্ডে ডার্বি হলে আবার একসঙ্গে মাঠে যাব।’ কিন্তু তা হল না। তাই প্রয়াত বাবার স্মৃতি নিয়েই রবিবার যুবভারতীতে হাজির বিকাশ। ছলছল চোখে তিনি বলছিলেন, ‘বাবাকে বড্ড মিস করছি। কিন্তু বাড়িতে থাকলে আরও মন খারাপ হতো। তাই মাঠে চলে এলাম।’



