Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সমতল থেকেই কাঞ্চনজঙ্ঘা দর্শন

পাহাড়ের শোভা দেখতে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং যাওয়াই রীতি। বছরের পর বছর একইভাবে পাহাড়ে পর্যটকেদের ঢল নামতে কে না দেখেছে।

সমতল থেকেই কাঞ্চনজঙ্ঘা দর্শন
  • ৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পাহাড়ের শোভা দেখতে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং যাওয়াই রীতি। বছরের পর বছর একইভাবে পাহাড়ে পর্যটকেদের ঢল নামতে কে না দেখেছে। তবে বর্তমানে শিলিগুড়ির দেশবন্ধু চিত্তরঞ্জন ফ্লাইওভার যেন শিলিগুড়িবাসীর একাংশের কাছে পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। আর এর নেপথ্যে রয়েছে পরিষ্কার আকাশের নীচে ফ্লাইওভার থেকেই একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে ‘ঘুমন্ত বুদ্ধ’ কাঞ্চনজঙ্ঘাকে। তুষারে ঢাকা অপরূপ সেই শোভা দু’চোখ ভরে দেখতে বাসিন্দারা ফ্লাইওভারে উঠলেই দু-চাকা বা চার চাকা যান থামিয়ে দিচ্ছেন কিছুক্ষণের জন্য। চারদিকে ঘন নীল রঙের পাহাড়ের শৃঙ্গের মাঝে তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা যেন এক নৈসর্গিক অনুভূতি এনে দিচ্ছে। মোবাইল ফোনে সেই ছবি তুলছেন কেউ কেউ। আবার কেউ সেলফি নিয়ে মনের তৃষ্ণা মেটাচ্ছেন। মঙ্গলবার দিনভর ফ্লাইওভার থেকে এই দৃশ্য খালি চোখেই দেখা গিয়েছে। শুধুমাত্র ফ্লাইওভার থেকে নয় শহরের অদূরে ফুলবাড়ির উত্তরকন্যা সংলগ্ন ওভারব্রিজ হোক বা তৃতীয় মহানন্দা সেতু সর্বত্রই একই ছবি দেখা গিয়েছে। 

Advertisement

অনেকেই আবার সোশ্যাল মিডিয়েতে ছবি, ভিডিও বা রিলসও দিয়েছেন। একাধিক পোস্টের ক্যাপশনে লেখা, ‘এটা আমাদের শহর শিলিগুড়ি। এখানে বাড়ির ছাদ বা রাস্তা থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়।’ শহরে আসা পর্যটকেদের একাংশও এদিন এই দৃশ্য দেখে অভিভূত।
চন্দননগর থেকে শিলিগুড়ি হয়ে ডুয়ার্স যাচ্ছিলেন পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ অমিত মুখোপাধ্যায়। ভাড়ার গাড়িতে চেপে উড়ালপুলে উঠতেই তাঁর চোখে ভেসে ওঠে অপরূপ কাঞ্চনজঙ্ঘার ছবি। ক্যামেরায় ছবি তুলে তাঁর গলায় সামান্য আক্ষেপ, যদি এই শহরের বাসিন্দা হতাম তাহলে এই ছবি মাঝেমধ্যেই দেখার সৌভাগ্য হতো। শিলিগুড়ির ভারতনগরের গৃহবধূ বিপ্লবী তালুকদার বলেন, এদিন সকালে বাড়ির ছাদ থেকেই স্পষ্ট কাঞ্চনজঙ্ঘার ছবি দেখে দিনটা ভালোই শুরু হয়েছে।  শিলিগুড়ি ফ্লাইওভার থেকে দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা। মঙ্গলবার তোলা নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ