‘মডেল মেদিনীপুর’ গড়তে খড়্গপুর আইআইটির সঙ্গে ‘মউ’ স্বাক্ষর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: ‘মডেল মেদিনীপুর’ গড়তে বৃহস্পতিবার খড়্গপুর আইআইটির সঙ্গে মউ স্বাক্ষর করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। উচ্চতর গবেষণার ক্ষেত্রে খড়্গপুর আইআইটির প্রযুক্তি ও পরিকাঠামোকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়াই লক্ষ্য, জানালেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপককুমার কর। খড়্গপুর আইআইটির ডিরেক্টর সুমন চক্রবর্তী বলেন, ‘মেদিনীপুরে মেধার অভাব নেই। জঙ্গলমহলের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়েও অনেক মেধাবী পড়ুয়া ও গবেষক আছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বাস্থ্য বিজ্ঞানের মতো বিভিন্ন বিষয়ে আমরা তাঁদের সহযোগিতা করতে চাই। পাশাপাশি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমরা আমাদের গবেষণালব্ধ ফল জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় পৌঁছে দিতে চাই।’ তাঁর সংযোজন, ‘প্রযুক্তি, পরিকাঠামো ও মেধার আদানপ্রদানের মাধ্যমে ‘মডেল মেদিনীপুর’ গড়াই আমাদের লক্ষ্য।’ খড়্গপুর আইআইটির পাশাপাশি এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও মউ স্বাক্ষর করে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

Advertisement

বৃহস্পতিবার থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক দু’ দিনের আন্তর্জাতিক সম্মেলনের সূচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১৪ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে ভারত সহ আটটি দেশের বিশিষ্ট বিজ্ঞানী, শিক্ষাবিদ ও গবেষকরা যোগ দিয়েছেন। এদিন সেই উপলক্ষ্যেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ সভাগৃহে উপস্থিত ছিলেন রাজ্যের বিজ্ঞান, প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি দপ্তরের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী, খড়্গপুর আইআইটির ডিরেক্টর সুমন চক্রবর্তী, পর্তুগালের মিনহো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিকার্ডো সিলভেস্ত্রি প্রমুখ। তবে, অনুষ্ঠান মঞ্চের প্রধান আকর্ষণ ছিল একটি রোবট। এদিন অতিথি বরণে সহায়তা করে কলকাতার রোবোজেনিক্স নামক প্রতিষ্ঠানের এই রোবটটি। আর রোবটের এই কাণ্ডকারখানা দেখে হাততালিতে ফেটে পড়েন পড়ুয়া ও অতিথিরা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপকবাবু বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই এআই এবং রোবোটিক্সের উপর সার্টিফিকেট কোর্স চালু হয়েছে। আমরা খড়্গপুর আইআইটির সঙ্গেও হাত মিলিয়েছি। রোবোজেনিক্সের সঙ্গেও কাজ করছি। এদিন আসলে পড়ুয়াদের উৎসাহিত করতেই এই রোবটটি আনা হয়েছিল।’ তাঁর সংযোজন, ‘আমরা এশিয়ার প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং দেশের প্রাচীনতম আইআইটির সঙ্গে হাত মিলিয়ে প্রযুক্তিগত ক্ষেত্রে আরও এগিয়ে যেতে চাই।’-নিজস্ব চিত্র