Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বিদ্যাসাগর শিক্ষা সম্মান উলুবেড়িয়ার শিক্ষককে

শিক্ষকতার পাশাপাশি পরিবেশকে নির্মল রাখার বার্তা দিয়ে চলেছেন উলুবেড়িয়া ১ ব্লকের বাড়মাংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত

বিদ্যাসাগর শিক্ষা সম্মান উলুবেড়িয়ার শিক্ষককে
  • ৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: শিক্ষকতার পাশাপাশি পরিবেশকে নির্মল রাখার বার্তা দিয়ে চলেছেন উলুবেড়িয়া ১ ব্লকের বাড়মাংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত। এই অবদানের জন্য এবার বিদ্যাসাগর শিক্ষা সম্মান পেলেন তিনি। শনিবার শিক্ষক দিবসে কলকাতায় এক অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। উলুবেড়িয়া বাড়বেড়িয়া গ্রামের বাসিন্দা রাজদূত সামন্ত ২০০৮ সালের আগস্ট মাসের শেষের দিকে উলুবেড়িয়া দক্ষিণ চক্রের গদাইপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন। পরে ২০১৩ সালে বাড়মাংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগ দেন। বিদ্যালয়ে স্কুলছুটের সংখ্যা কমাতে অভিনব উদ্যোগ নেন তিনি। গাছকে নিজেদের বন্ধু হিসাবে ভাবতে পড়ুয়াদের প্রত্যেককে দিয়ে একটি করে গাছ বসানোর উদ্যোগ নেন। সেই গাছকে সারা বছর পরিচর্যা করা এবং প্রতি বছর গাছের গায়ে রাখি বেঁধে বৃক্ষসখা জন্মদিন পালনের উদ্যোগ নেন। হাতেনাতে ফলও মেলে। বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। বর্তমানে বিদ্যালয়ে বৃক্ষসখা জন্মমাস পালন করা হয়। এই উদ্যোগের ফলেই ২০১৮ সালে নির্মল বিদ্যালয় পুরস্কার পায় বাড়মাংরাজপুর প্রাথমিক বিদ্যালয়। পাশাপাশি রাজদূত সামন্ত বিদ্যালয়ে তৈরি করেছেন ভেষজ উদ্যান। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গাছ বিতরণ করেন তিনি। বন্যপ্রাণ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধ বৃক্ষরোপণ সহ নানা কাজে নিজেকে যুক্ত করেছেন রাজদূতবাবু। তিনি বলেন, দায়িত্বশীল নাগরিক হিসাবে নিজের ভূমিকা পালনের চেষ্টা করছি।  মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার পাচ্ছেন রাজদূত সামন্ত। -নিজস্ব চিত্র 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ