Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিজয় হাজারে ট্রফিতে আজ বাংলার প্রতিপক্ষ বিদর্ভ, কোহলি, রোহিতের সঙ্গে নজরে গিলও

বিজয় হাজারে ট্রফি ঘিরে এমন উন্মাদনা দেখা যায়নি বহু বছর।

বিজয় হাজারে ট্রফিতে আজ বাংলার প্রতিপক্ষ বিদর্ভ, কোহলি, রোহিতের সঙ্গে নজরে গিলও
  • ২৪ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: বিজয় হাজারে ট্রফি ঘিরে এমন উন্মাদনা দেখা যায়নি বহু বছর। আসলে এবার নিজের নিজের রাজ্যের হয়ে বিরাট কোহলি, রোহিত শর্মার সঙ্গে মাঠে নামছেন শুভমান গিল, সূর্যকুমার যাদবও। সাধারণত ক্রিসমাসের ছুটি কাটাতেই ব্যস্ত থাকেন তারকারা। কিন্তু বোর্ডের ফতোয়া, আন্তর্জাতিক ম্যাচ না খেললে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে চুক্তিবদ্ধ সব ক্রিকেটারকে। সেই কারণেই দিল্লির হয়ে নামবেন বিরাট। তিনি অন্ধপ্রদেশের বিরুদ্ধে খেলবেন বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্স মাঠে। প্রথমে ঠিক হয়েছিল, দিল্লি সব ম্যাচ খেলবে কর্ণাটকের আলুরে। কিন্তু কোহলি মাঠে নামবেন জানার পর তা স্থানান্তরিত হয় চিন্নাস্বামীতে। মূলত নিরাপত্তার কারণে। এখন ঠিক হয়েছে, দিল্লি সব ম্যাচ খেলবে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে। মাঠ থাকবে দর্শকশূন্য। আইপিএলে আরসিবি’র বিজয় উৎসবে পদপিষ্টের ঘটনার পর চিন্নাস্বামীতে ম্যাচ ফেরার কথা ছিল বিজয় হাজারে ট্রফিতে। কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন কোনও ঝুঁকি না নিয়েই ম্যাচটি সরিয়ে দিয়েছে। শুধু কোহলি নন, দিল্লির হয়ে নামবেন আর এক তারকা ঋষভ পন্থও। তিনি বহুদিন ধরেই সীমিত ওভারের ক্রিকেটে মাঠে নামার সুযোগ পাচ্ছেন না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ তিনি। তাই ওয়ান ডে ফরম্যাটে বিজয় হাজারে ট্রফিতে বড় রান করে নির্বাচকদের নজর কাড়াই লক্ষ্য বাঁ হাতি উইকেটরক্ষক ব্যাটারের।

Advertisement


বিরাট কোহলির মতো এই আসরে মুম্বইয়ের হয়ে মাঠে নামবেন রোহিত শর্মাও। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ খেলাই লক্ষ্য হিটম্যানের। তার জন্য ফিট ও ফর্ম দুটো অটুট রাখার চ্যালেঞ্জ। সেই কারণেই তিনি বিজয় হাজারে ট্রফিতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। সামনের বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে মাঠে নামার প্রস্তুতি হিসেবেই এই টুর্নামেন্টকে কাজে লাগাতে চাইছেন কোহলি ও রোহিত। মুম্বইয়ের প্রথম ম্যাচ সিকিমের বিরুদ্ধে। খেলাটি হবে জয়পুরে। দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে হিটম্যানের ব্যাট ঝলসে উঠবে বলে আশায় তাঁর ভক্তরা। 


টি-২০ বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর শুভমান গিল প্রবল চাপে। সীমিত ওভারের ক্রিকেটে তাঁর সামনে অপেক্ষা করছে আরও চ্যালেঞ্জ। সব ফরম্যাটে ক্যাপ্টেন হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে অফ ফর্ম। গিল ছন্দ ফিরে পেতে মরিয়া। তাই পাঞ্জাবের হয়ে বিজয় হাজারে ট্রফিতে তিনি খেলবেন। বুধবার জয়পুরে নামবে পাঞ্জাব। প্রতিপক্ষ মহারাষ্ট্র।
এদিকে, রাজকোটে বিদর্ভের মুখোমুখি হচ্ছে বাংলা। মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে ব্যর্থতার পর কোচ লক্ষ্মীরতন শুক্লার কাছে এই টুর্নামেন্ট হয়ে উঠেছে কঠিন চ্যালেঞ্জ।

Advertisement
সম্পর্কিত সংবাদ