নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পরিণত হয়েছে অতি গভীর নিম্নচাপে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আরো ঘনীভূত হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অতি গভীর নিম্নচাপ রূপেই এই সিস্টেম স্থলভাগে প্রবেশ করতে পারে। বুধবার রাতের মধ্যে বিশাখাপত্তনম থেকে গোপালপুরের মাঝে কলিঙ্গপত্তনমে এটি স্থলভাগে প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে।
এর জেরে আজ, বুধবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূলের অংশ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাসের কমলা সতর্কতা। বাকি সব জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
বৃহস্পতিবার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা থাকছে। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির কমলা এবং পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও হাওড়া জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূলের অংশ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইবে। বাকি সব জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির কমলা সতর্কতা থাকছে।
শুক্রবার একাধিক জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হবে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে। বাকি সব জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে।
অন্যদিকে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতায়। আজ মূলত মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কয়েক পশলা। কাল বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা থাকবে। শুক্রবার থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা।
নিম্নচাপ গভীর হতেই সমুদ্র উত্তাল হয়েছে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। শুক্রবার ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের বাংলাদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলোতেও আজ থেকে বাড়বে বৃষ্টির পরিমান। আগামী কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে উত্তরের জেলাগুলোতে।