নানারকম পুরে ঠাসা পরোটাগুলো সহজেই বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে। সঙ্গে তরকারি থাকলে পোয়া বারো। কিন্তু নাহলেও ক্ষতি নেই।
নানারকম পুরে ঠাসা পরোটাগুলো সহজেই বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে। সঙ্গে তরকারি থাকলে পোয়া বারো। কিন্তু নাহলেও ক্ষতি নেই।
চিজ স্টাফড পরোটা
উপকরণ: আটা ৩ কাপ, গোটা জিরে ১ চা চামচ, ধনেপাতা মিহি করে কুচানো ২ টেবিল চামচ, পুদিনাপাতা মিহি কুচানো ২ টেবিল চামচ, গ্রেট করা চিজ ১৫০ গ্রাম, শাহি মরিচ গুঁড়ো ১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো চা চামচ, চিলি ফ্লেক্স চা চামচ, চাটমশলা ১ চা চামচ, আদা মিহি করে কুচানো ১ টেবিল চামচ, নুন স্বাদমতো, সাদা তেল, জল।
প্রণালী: প্রথমে আটা, প্রয়োজন মতো নুন, গোটা জিরে, ধনেপাতা কুচি, পুদিনাপাতা কুচি, সাদা তেল মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে মেখে নিতে হবে। এবার ১০ মিনিট ঢেকে রাখতে হবে। এরপর চিজ, নুন, শাহি মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, চাটমশলা, আদা একটি পাত্রে রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেখে রাখা আটা থেকে সমান মাপের লেচি করে তা বাটির মতো গড়ে চিজের মিশ্রণ তাতে ভরে আবারও গোল করে গড়ে বেলে নিন। গ্যাসে চাটু বসিয়ে পরোটা সেঁকে নিয়ে সামান্য তেল দিয়ে ভেজে নিন চিজ স্টাফড পরোটা।
ফুলকপির পরোটা
উপকরণ: আটা ৩ কাপ, জোয়ান ১ চা চামচ, ফুলকপি ১টি মাঝারি মাপের গ্রেট করা, আদা মিহি করে কুচানো ১ টেবিল চামচ, কাঁচালঙ্কা ১টি মিহি করে বাটা,
ধনেপাতা কুচানো ১ টেবিল চামচ, হলুদ গুঁড়ো চা চামচ, লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ, গরমমশলা ১ চা চামচ, নুন স্বাদ মতো, ভাজার জন্য সাদা তেল, জল পরিমাণ মতো।
প্রণালী: আটা ১ চা চামচ নুন ও জোয়ান একসঙ্গে মিশিয়ে নিয়ে জল দিয়ে মেখে নিতে হবে। এবার ৩০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। একটি পাত্রে ২ চা চামচ তেল গরম করে তাতে ফুলকপির মিশ্রণ দিয়ে ২ মিনিট রান্না করতে হবে। একটি পাত্রে মিশ্রণটি রেখে ঠান্ডা করে নিতে হবে। এবার মেখে রাখা আটা থেকে সামান মাপের লেচি করে নিয়ে তাতে ফুলকপির পুর ভরে পরোটা বেলে নিন। চাটু গরম করে প্রথমে তাতে পরোটা সেঁকে নিয়ে সামান্য তেল বুলিয়ে ভেজে নিন ফুলকপির পরোটা।
পনির ভুর্জি পরোটা
উপকরণ: আটা ৩ কাপ, মাখন ২ টেবিল চামচ, ক্যাপসিকাম ১টি মিহি করে কুচানো, ধনেপাতা মিহি করে কুচানো ২ টেবিল চামচ, গাজর ১টি গ্রেট করা, টম্যাটো ১টি মিহি করে কুচানো, পনির ২৫০ গ্রাম, চিনি ১ চা চামচ, আদা ও কাঁচালঙ্কা পেস্ট ২ টেবিল চামচ, গরমমশলা ১ টেবিল চামচ, লঙ্কা গুঁড়ো টেবিল চামচ, নুন, সাদা তেল, জল।
প্রণালী: আটা সামান্য নুন মিশিয়ে জল দিয়ে মেখে নিতে হবে। এবার ১ টেবিল চামচ সাদা তেল দিয়ে তাকে আবার মেখে মোলায়েম করে নিতে হবে। ১০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। মাঝারি আঁচে কড়াই বসিয়ে গরম হলে মাখন দিন। এবার একে একে ক্যাপসিকাম, গাজর, টম্যাটো দিয়ে ২ থেকে ৩ মিনিট ভেজে নিন। এবার আদা-লঙ্কা বাটা, গরমমশলা, লঙ্কা গুঁড়ো, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পনির দিন। পনির একটু চটকে দিতে হবে। এবার নুন, ধনেপাতা যোগ করে হালকা নেড়ে নিলে তৈরি হবে পনির ভুর্জি। মেখে রাখা আটা থেকে সমান মাপের লেচি করে নিতে হবে। তাতে পনিরের পুর ভরে বেলে নিতে হবে। এবার চাটু গরম করে প্রথমে পরোটা সেঁকে নিয়ে তারপর অল্প তেল বুলিয়ে পনির ভুর্জি পারোটা ভেজে নিন।
পিয়াসী ডি. সিংহ রায়