বিশ্বজিৎ মাইতি, বরানগর: ছবি তোলার প্রথাগত শিক্ষা পাননি। কিন্তু চমৎকার ছবি তোলেন। বাড়িতে অর্থাভাব। তাই ক্যামেরা কেনার টাকাও নেই। কিন্তু ছবি তোলার মারাত্মক টান, অগাদ ভালোবাসা, অসম্ভব জেদ, চূড়ান্ত অধ্যাবসয়। তা দেখে স্বেচ্ছাসেবী সংস্থার এক কর্ণধার তাঁকে একটি ক্যামেরা দিয়েছিলেন। এই ক’টি গুণ সম্বল করে, ক্যামেরাটি দিয়ে ছবি তোলেন বরানগরের ন’পাড়া রেলপাড় বস্তির বরুণ সরকার। তাঁর ছবি এবার বিশ্বের অন্যতম কঠিন ফটোগ্রাফি প্রতিযোগিতায় সফল হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির হামদান ইন্টারন্যাশানাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডে দ্বিতীয় পুরস্কার জিতেছে। সাদা-কালো বিভাগে পারিবারিক বিষয়ের উপর তোলা বরুণের ছবি মন কেড়েছে বিচারকদের। প্রায় ৫ লক্ষ প্রতিযোগী অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়। তাঁদের মধ্যে ২৮ লক্ষ টাকা পুরস্কার ছিনিয়ে এনেছেন বরুণ।
২০০৯ সালে রেলপাড় বস্তির বাচ্চাদের নিয়ে স্কুল তৈরি করেছিলেন বরানগর টবিন রোডের জিনিয়া তলাপাত্র ও পূর্বম সরখেল। তাঁদের হাত দিয়েই বরুণের স্কুলশিক্ষা শুরু। এরপর জিনিয়াদেবী টবিন রোডে নিজের বাড়িতে বরুণকে নিয়ে যান। তার মতো কয়েকজন সে বাড়িতেই থাকে। এরপর সিঁথির মোড়ে আর বি টি বিদ্যাপীঠ থেকে উচ্চমাধ্যমিক পাশ করে বরুণ। এবং নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকস্তর পাশ করেন। বর্তমানে স্বেচ্ছাসেবী সংস্থাটি পুরুলিয়ার কেন্দা এলাকার বনকানালি শবর গ্রামে স্কুল স্থানান্তর করেছে। স্কুলের বাচ্চাদের ছবি আঁকা, হাতের কাজ শেখানোর পাশাপাশি শবরদের হাতে তৈরি সামগ্রী সমবায়ের মাধ্যমে বাণিজ্যকরণের কাজ করেন ২৭ বছরের বরুণ সরকার। আর যত পারেন ছবি তোলেন।
একবার ঘুরতে গিয়ে বরুণের ছবি তোলার আগ্রহ দেখে পূর্বম সরখেল নিজের ক্যামেরাটি তাঁকে দিয়েছিলেন। এরপর ছবি তোলা বরুণের নেশা হয়ে দাঁড়ায়। গতবছর হামদান ইন্টারন্যাশানাল ফটোগ্রাফিতে ছবি পাঠিয়েছিলেন। কিন্তু ফাইনাল রাউন্ডে উঠেও আটকে যান। তবে হাল ছাড়েননি। এবছর পাঁচটি বিভাগের মধ্যে দু’টি বিভাগে ছবি পাঠিয়েছিলেন। পারিবারিক বিষয়ে রঙিন ছবির বিভাগে ফাইনাল রাউন্ডে ওঠে বরুণের ছবি। তবে প্রথম তিনে স্থান পায়নি। কিন্তু সাদাকালো বিভাগে তাঁর ছবি দ্বিতীয় স্থান অর্জন করে। বরুণবাবু বলেন, ‘বিশ্বের প্রায় পাঁচ লক্ষ প্রতিযোগী অংশ নিয়েছিলেন। তবে নিজের উপর বিশ্বাস ছিল। এই সাফল্য এসেছে জিনিয়া তলাপাত্র ও পূর্বম সরখেলের সহযোগিতা, উৎসাহ ও অনুপ্রেরণায়। পুরস্কারের দু’লক্ষ টাকা আমার প্রতিষ্ঠানের জন্য দেব। ছবিতে যে বাচ্চাদের ছবি আছে তাদের আর্থিক সহায়তা করব। এছাড়া ৪০ কচিকাঁচার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে তাঁদের জন্য টাকা রাখব।’



