সংবাদদাতা, কাটোয়া: সংস্কারের অভাবে কাটোয়া মহকুমার বহু গ্রামের রাস্তা বেহাল হয়ে পড়েছে। বর্ষায় জল-কাদায় চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। নিকাশি নালার জল রাস্তায় এসে জমছে। তিতিবিরক্ত সাধারণ মানুষ। বাসিন্দারা বলছেন, স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার রাস্তা সংস্কারের জন্য বলা হচ্ছে। তাঁরা গুরুত্ব দিচ্ছেন না।
পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, স্থানীয়ভাবে যেসব বেহাল রাস্তার খবর আমরা পাই সেগুলি সংস্কার করা হয়। কাটোয়ার আমুল গ্রামের রাস্তার জন্য ৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
মঙ্গলকোটের মাজিগ্রাম থেকে মালিয়ারা যাওয়ার পাঁচ কিলোমিটার পাকা রাস্তা সংস্কারের অভাবে বেহাল দশা। বড় বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষায় জলকাদায় ভয়ে গিয়েছে। বাসে ওই রাস্তা ধরে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। সংস্কার না হওয়ায় ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের। তাঁরা জানান, ওই রাস্তা ধরেই মাজিগ্রাম, চাকুলিয়া, ইছাপুর, জয়কৃষ্ণপুর, আইমাপাড়া, মাধপুর, বনপাড়া কেওটসা গ্রামের বাসিন্দারা যাতায়াত করেন। চাকুলিয়া উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা কাদায় স্কুলে যেতে সমস্যায় পড়ছে। অথচ রাস্তা সংস্কারের বালাই নেই।
স্থানীয় বাসিন্দারা বলছেন, বহুবার জনপ্রতিনিধিদের জানানো সত্ত্বেও ওই রাস্তা সংস্কারে কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। এখন বর্ষায় ওই রাস্তা দিয়ে যেতে ভোগান্তির শিকার হতে হচ্ছে। বনপাড়া এলাকা দিয়ে আবার বালির গাড়ি যাতায়াত করে। তাতে রাস্তার দফারফা হয়ে গিয়েছে।
কাটোয়া-২ ব্লকের সিঙ্গি পঞ্চায়েতের গৌরডাঙা বাসস্ট্যান্ড থেকে ঘুমুরিয়া পর্যন্ত সাত কিলোমিটার রাস্তা বেহাল হয়ে গিয়েছে। অনেক জায়গায় ইট বেরিয়ে গিয়েছে। বর্ষায় ওই রাস্তা ভয়ানক হয়ে উঠেছে। ২০২২সালের ডিসেম্বর মাসে প্রায় ৫০ লক্ষ টাকা খরচে ওই রাস্তা সংস্কার হয়েছিল। কিন্তু, এরমধ্যেই রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। ওই রাস্তা দিয়ে গৌরডাঙা হয়ে লোহাপোতা, পেকুয়া, ভাটনা, মল্লিকপুর, আমুল, পাঁচপাড়া, ঘুমুরিয়া সহ আট-দশটি গ্রামে যাওয়া যায়। ওই রাস্তায় ঘুমুরিয়া থেকে বর্ধমান, কাটোয়া সহ ছ’টি বাস চলাচল করে। কেতুগ্রাম-২ ব্লকের গঙ্গাটিকুরি স্টেশন থেকে ঝামটপুর বহরান গ্রামের রাস্তারও বেহাল দশা। খানাখন্দে ভরে যাওয়ায় বৃষ্টির জল জমে নাভিশ্বাস উঠছে বাসিন্দাদের। কাটোয়ার কালিকাপুর ফেরিঘাট যাওয়ার রাস্তাও চলাচলের অযোগ্য। কাটোয়ার মহকুমা শাসক অহিংসা জৈন বলেন, আমরা রাস্তাগুলির বিষয়ে খোঁজ নিয়ে দেখছি।