নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের মাদ্রাসাগুলিতে বাধ্যতামূলকভাবে বন্দে মাতরম গাওয়া নিয়ে কেন্দ্রের বক্তব্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার মামলার শুনানিতে কেন্দ্রের তরফে আইনজীবী ধীরজ ত্রিবেদী দাবি করেন, কেরালা আদালতে এই ধরনের মামলা আগেই খারিজ হয়েছে। যদিও মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, জয়েন্ট সেক্রেটারি অব ইন্ডিয়ার তরফে বিজ্ঞপ্তি জারি করে বন্দে মাতরম গাওয়াকে বাধ্যতামূলক করতে বলা হয়। তিনি প্রশ্ন তোলেন, ‘কীভাবে এটা করা যায়? অথরিটি কোথায়? সংবিধান গ্রহণের সময় দুটি স্তবকের বিষয়ে উল্লেখ করা হয়। বাকিগুলো আনন্দমঠের সময় উল্লেখ করেন। কেউ তাঁর সদিচ্ছায় গাইতে পারে কিন্তু বাধ্যতামূলক হতে পারে না। আদালত অবশ্য জানায়, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তবে সে অভিযোগ জানাতে পারে। এরপরই বিষয়টি নিয়ে কেন্দ্রের বক্তব্য জানতে চায় আদালত।



