নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৭ উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী ২৭ নভেম্বর, শুক্রবার প্রকাশিত হবে এই ফলাফল। ওই দিন দুপুর ২টো ৩০ মিনিটে বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। এরপর দুপুর ৩টে থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফলাফল দেখতে ও ডাউনলোড করতে পারবেন বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর সংসদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৭ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমেস্টারে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের পাশাপাশি সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসা পরীক্ষার্থীরাও নির্ধারিত ওয়েবসাইট ও মোবাইলে 'WBCHSE Results' অ্যাপের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবেন। ফল দেখতে পরীক্ষার্থীদের পরীক্ষার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।
অন্যদিকে, স্কুলগুলিকেও পরীক্ষার্থীদের ফলাফল জানার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে সংসদ। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলি সংসদের নির্দিষ্ট ওয়েবসাইটে নিজেদের লগইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পড়ুয়াদের ফলাফল ডাউনলোড করতে পারবে। পরে স্কুলের প্রধানদের সিল ও স্বাক্ষর দিয়ে 'ক্লাস টুয়েলভ সেমেস্টার থ্রি রেজাল্ট' পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে আগামী ২৭ নভেম্বর দুপুর থেকেই অনলাইনে নিজেদের ফলাফল জানতে পারবেন উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টার এবং সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া পড়ুয়ারা।
কোন ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল: https://result.wb.gov.in



