বেঙ্গালুরু: আইপিএলেই তাক লাগিয়ে দিয়েছিল ১৪ বছরের বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র ৩৫ বলে করেছিল সেঞ্চুরি। কোটিপতি লিগের ইতিহাসে এত কম বয়সে কেউ শতরান করেননি। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ড সফরের আগে সেই আক্রমণাত্মক মেজাজেই দেখা গেল তাকে। বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে এক প্রস্তুতি ম্যাচে মাত্র ৯০ বলে ঝোড়ো ১৯০ এল বৈভবের ব্যাটে। উইকেটের সবদিকেই শট খেলল। মিড উইকেট, লং-অন ও পয়েন্টের উপর দিয়ে বেশ কয়েকটা ছক্কাও ছিল তার মধ্যে। উল্লেখ্য, ভারতের অনূর্ধ্ব-১৯ দল বিলেতে একটি প্র্যাকটিস ম্যাচের পর অংশ নেবে ওডিআই সিরিজে। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে বৈভবরা খেলবে পাঁচটি ম্যাচ। অধিনায়ক আয়ূষ মাতরের সঙ্গে সম্ভবত ওপেন করবে বৈভব।



