মুম্বই,২৭ নভেম্বর: ‘মুম্বই চা রাজা, রোহিত শর্মা’ ফিরলেন নিজের পুরনো সিংহাসনে। মাঝে তিন মরশুমের বিরতি কাটিয়ে অবশেষে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক পদে ফিরলেন তিনি। আজ, ২৭ নভেম্বর ফ্র্যাঞ্চাইজির তরফে অধিনায়কের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল। আসন্ন আইপিএল ২০২৭ মরশুমে ৩৯ বছর বয়সি ‘হিটম্যান’-এর কাঁধেই থাকবে পাঁচবারের চ্যাম্পিয়নদের নেতৃত্বের ভার।
আজ থেকে ঠিক তিন বছর আগে ২০২৩ সালের ২৭ নভেম্বর রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে নতুন ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছিল। কিন্তু তাঁর সময়ে আশানুরুপ সাফল্য পায়নি দল। কয়েকদিন আগেই হার্দিক পান্ডিয়া পাঞ্জাব কিংসে যোগ দেন। তারপর থেকেই রোহিতের অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তনের জল্পনা তুঙ্গ উঠেছিল। সেই জল্পনাতেই সিলমোহর দিয়ে ঠিক তিন বছর পর আজ ২৭ নভেম্বর রোহিত শর্মাকে আবার অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনল মুম্বই। রোহিত ২০১৩ সালে প্রথম মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটন ধরেন। তাঁর মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বের রেকর্ডও ঈর্ষণীয়। হিটম্যানের নেতৃত্বেই ২০১৩,২০১৫,২০১৭,২০১৯ এবং ২০২০ সালে মুম্বই ইন্ডিয়ান্স মোট পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়। এছাড়াও তিনি ২০১৩ সালের চ্যাম্পিয়নস লিগ টোয়েন্টি টোয়েন্টিও জেতান। এর পাশাপাশি দেশকে ২০২৪ সালের টি-টোয়েন্টি ও ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিও জিতিয়েছিলেন। তিন বছর পর নিজের সিংহাসনে ফিরে মুম্বইকে তার পুরনো তাজ ফিরিয়ে দিতে পারেন কী হিটম্যান এইবার সেটাই দেখার।



