‘রলি-টলি’ স্মৃতি ফিরিয়ে আনুক লোবারা
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

টোলগে ওজবে: ‘রলি-টলি’ (রবিন-টোলগে) জুটিকে ইস্ট বেঙ্গল সমর্থকরা নিশ্চয়ই ভোলেননি। লাল-হলুদ জার্সিতে আমার অন্যতম সেরা পার্টনার রবিন সিং। ট্রেভর মরগ্যানের কোচিংয়ে দু’জনের কম্বিনেশন ফুল ফুটিয়েছিল। ট্রফি জেতার পাশাপাশি সেসময় ডার্বিতেও একচেটিয়া আধিপত্য দেখিয়েছে ইস্ট বেঙ্গল। এই ম্যাচটা সবসময় স্পেশাল। কয়েকদিন আগেই ড্রেসিং-রুমের পরিবেশ থমথমে। এমনকি, শপিং মলে গেলেও গোলের আবদার জানাতেন সমর্থকরা। একটা ম্যাচের কথা আলাদাভাবে বলতেই হয়। কেন জানেন? ২০১০ সালের এমনই এক ২৬ নভেম্বর। জাল কাঁপানোর বদলে সেবার জোড়া অ্যাসিস্ট ছিল আপনাদের টলির। আমার পাস থেকে দু’বার লক্ষ্যভেদ করেছিল রবিন। হাজার হাজার দর্শকের ‘গোওওল’ আওয়াজ এখনও কানে বাজে। পেন, রবিন, মেহতাবরা আনন্দে আত্মহারা। ম্যাচের পর অবাক করা দৃশ্য। ড্রেসিং-রুম থেকে বেরিয়েই জনপ্লাবনের সাক্ষী হওয়া। গাড়ি ঘিরে কয়েকশো সমর্থক। শেষ পর্যন্ত কোনওরকমে টিম বাস পর্যন্ত পৌঁছে দিয়েছিল পুলিশ। অস্ট্রেলিয়ায় বাড়ির ড্রইং-রুমে বসে মাঝেমধ্যেই অ্যালবামের পাতা উলটে দেখি। আহা কি সব দিন ছিল কলকাতায়! আগামী রবিবার আইএসএলের মহারণ। আরও একটা নভেম্বর ডার্বি। আমি চাই, লোবাদের হাত ধরেই ‘রলি-টলি’ স্মৃতি ফিরুক যুবভারতীতে!

Advertisement

কেরিয়ারে সোনার সময় কাটিয়েছি লাল-হলুদে। ইস্ট বেঙ্গলের কোচ তখন ট্রেভর মরগ্যান। মাঠের বাইরেও বন্ধুর মতো মিশতেন। পেন, উগা, নওবা, ভাসুম— গোটা দলটাই টগবগ করত। ডার্বি প্রসঙ্গে লিখতে গিয়ে কত পুরানো কথা মনে পড়ছে। অল্প দিনেই শহরকে আপন করে নিয়েছিলাম। জানেন কলকাতায় ক্রিকেটও খেলেছি! মনে আছে, এই নভেম্বরেই একটি ওডিআই’তে ইডেনে ভারতের হয়ে দারুণ খেলেছিল আপনাদের রোহিত শর্মা। শুনেছি, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওর ২৬৪ রানের ইনিংস এখনও বিশ্বরেকর্ড। যাই হোক, ক্রিকেটকে আউটসাইড ডজ করে ফের ডার্বিতে ফেরা যাক। দূরে থেকেও সমর্থকদের উন্মাদনাও টের পাচ্ছি। ফর্মের বিচারে হয়তো একটু এগিয়ে থাকবে মোহন বাগান। তবে ডার্বি সবসময় ফিফটি-ফিফটি। তাই চাপ না নিয়ে চোয়াল চেপে লড়ে যাক রামিরেজরা।