ক্রাইস্টচার্চ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ড্র করে বেশ চাপে টিম ইন্ডিয়া। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা কোচ গৌতম গম্ভীরের। তাই দ্বিতীয় টেস্টে একটা ঝাঁকুনি প্রত্যাশিত। প্রথম এগারোতে দুটো পরিবর্তন আশা করা হচ্ছে। পেসার অংশুল কম্বোজ বাদ পড়তে পারেন। তাহলে কে খেলবেন তাঁরা জায়গায়? ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মর্কেল যা বললেন, তাতে সিরাজের আশা খুব বেশি নেই। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসারের কথায়, ‘সিরাজের সঙ্গে কথা হয়েছে। ও ভালো বোলিং করছে। তবে এখনও উন্নতির যথেষ্ট অবকাশ রয়েছে। কোথায় কোথায় জোর দিতে হবে, তা ওকে বুঝিয়েছি। এটাও বলেছি, সুযোগ পাওয়ার ব্যাপারটা আমাদের হাতে নেই, তবে যেটা হাতে আছে তা হল উন্নতি করা।’ মর্কেলের এই বক্তব্যে এটা স্পষ্ট, সিরাজকে দ্বিতীয় টেস্টে খেলানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি টিম ম্যানেজমেন্ট। কারণ, তরুণ পেসার গুরনার ব্রারের ক্রাইস্টচার্চে টেস্ট অভিষেকের সম্ভাবনা রয়েছে। সাদা বলের ক্রিকেটে ভালো পারফর্ম করার পুরস্কার পেয়েছে গুরনুর। লাল বলেও তাঁকে দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। বলে গতি ও বাউন্স— দুটোই আছে। হ্যাডলি ওভালের পিচে গুরনুর তাই কার্যকরী হতে পারেন বলে মত ওয়াকিবহাল মহলের।
বোলিং কোচ মর্নি মর্কেলও যেভাবে গুরনুরের প্রশংসা করেছেন, তাতে শুক্রবার ভোরে ভারতীয় সময় সাড়ে তিনটেয় টেস্ট ক্যাপ পেতে পারেন গুরনুর। মর্কেলের মন্তব্য, ‘ও স্কোয়াডে যোগ দেওয়ার পর থেকেই উন্নতি করছে। গতির সঙ্গে বাউন্সও সুন্দরভাবে ব্যবহার করে। এখানকার যা পরিবেশ, তাতে ও সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি। তবে ও সুযোগের অপেক্ষা। এই টেস্টে খেলার সুযোগ পাবে কিনা, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে এটা হলফ করে বলতে পারি, গুরনুর হতাশ করবে না।’
শুধু পেস আক্রমণ নয়, স্পেশলিস্ট স্পিনার হিসেবে ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে জাদেজার খেলার সম্ভাবনাও রয়েছে।
খেলা শুরু ভারতীয় সময় ভোর ৩-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টসে।



