বড়ো জয় বার্সার, ড্র পিএসজি’র
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বাকু: চলতি মরশুমে প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসানো একপ্রকার অভ্যাসে পরিণত করে তুলেছে বার্সেলোনা। সব টুর্নামেন্ট মিলিয়ে ১৮ ম্যাচে ৬৯ বার প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন দলের অ্যাটাকাররা। বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচে আজারবাইজানের ক্লাব সাবাহকে ৪-১ গোলে হারাল হান্স ফ্লিকের ছেলেরা। ম্যাচে জোড়া গোলে নায়ক অ্যান্টনি গর্ডন। এছাড়া কাতালন ক্লাবটির হয়ে জাল কাঁপান করিম আদেয়েমি ও গ্যাব্রিয়েল হেসাস। সাবাহর একমাত্র গোলটি জয়-লেন্স মিকেলসের। এই জয়ের সুবাদে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় চতুর্থ স্থানে উঠে এল বার্সা। একইসঙ্গে সরাসরি শেষ ষোলোর টিকিট নিশ্চিতের পথ অনেকটাই মসৃণ হল হান্স ফ্লিক ব্রিগেডের।

Advertisement

টুর্নামেন্টে টানা ৪টি ম্যাচ জয়ের পর পয়েন্ট খোয়ালো পিএসজি। বুধবার ঘরের মাঠে এএস রোমার বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল লুই এনরিকের ছেলেরা। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও একটা সময় ২-১ গোলে এগিয়ে ছিল প্যারিসের ক্লাবটি। তবে শেষের দিকে পেনাল্টি থেকে গোল হজমে জয় হাতছাড়া করে তারা। ম্যাচে পিএসজি’র হয়ে জাল কাঁপান ইলিয়া জাবার্নি ও ওসুমানে ডেম্বেলে। রোমার দুই গোলদাতা মারিও হামোর্সো ডনয়েল মালান। এই ড্রয়ের ফলে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল পিএসজি।
দিনের অপর ম্যাচে লিবসনে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচের ফল ২-২। রেড ডেভিলসের হয়ে জোড়া গোল ব্রুনো ফার্নান্ডেজের। স্পোর্টিং লিসবনের হয়েও দু’বার জাল কাঁপান লুইস সুয়ারেজ। উল্লেখ্য, এই ড্রয়ের ফলে আরও কোণঠাসা ম্যান ইউ। এদিকে, অ্যাওয়ে ম্যাচে লিলের কাছে ১-২ গোলে বশ মানল বায়ার্ন মিউনিখ। ম্যাচের শুরুতে উপামেকানোর গোলে লিড নিয়েও তা ধরে রাখতে ব্যর্থ জার্মান ক্লাবটি। অপর এক ম্যাচে ক্লাব ব্রাগের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয় পেল লিভারপুল। জোড়া গোল আলেকজান্ডার ইসাকের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন ফ্লোরিয়ান রির্টজ। অন্যদিকে, ভাইকিংকে ২-০ গোলে হারাল আতলেতিকো।