সত্যজিৎ চ্যাটার্জি: ‘সত্য, অমলদা তোকে চাইছে। এই নে টিকিট। বিকেলের ফ্লাইটে দিল্লি যেতে হবে।’ গজু বসুর কথায় আমি আকাশ থেকে মাটিতে। মানে কী! দু’দিন পরেই ডুরান্ড কাপ ফাইনাল। তার উপর বড়ো ম্যাচ। কোনো মানসিক প্রস্তুতিই নেই। শেষ পর্যন্ত গজুদার জোরাজুরিতে চটজলদি ব্যাগ গুছিয়ে দমদম বিমানবন্দরে রওনা দিই। তবে যত সহজে লিখলাম বিষয়টা তত সোজা ছিল না। আসলে সেবারই (১৯৮৬) জর্জ টেলিগ্রাফ থেকে মোহন বাগানে সই করি। জুনিয়র ইন্ডিয়া খেলতে সেই সময় ক্যাম্পে থাকার কথা। তার আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ফেডারেশনের অফিসে ডেকে পাঠিয়েছিলেন শ্রদ্ধেয় অশোক ঘোষ। গেটের মুখেই পাকড়াও করলেন গজুদা। তারপর সোজা দিল্লি। নভেম্বরের রাজধানীতে বেশ ঠান্ডা। তবে আম্বেদকর স্টেডিয়ামে যেন ফুটবল উত্তাপে ফুটছে। সেবার ইস্ট বেঙ্গলকে হারিয়ে ১৯৮৬’র ডুরান্ড কাপ ফাইনালে চ্যাম্পিয়ন হয় মোহন বাগান। খেতাবি লড়াইয়ে একমাত্র গোলটি ছিল দেবাশিস রায়ের।
নভেম্বর এমনিতেই আমার প্রিয়। মনোরম আবহ তো বটেই, বাঙালি মননে এর গুরুত্ব অপরিসীম। আমার বালি বরাবরই সংস্কৃতির পীঠস্থান। নাট্যপ্রেমী এক প্রবীণ বলেছিলেন ১৮১৩ সালে চৌরঙ্গি থিয়েটারের (এখন যেখানে সাহারা সদন) শুরু নভেম্বরেই। নেতাজির আমরণ সংকল্পের সাক্ষীও তো এই মাস। পাঠক, ফুটবলও তো বাঙালির আরেক আবেগ। মনে পড়ে, সাড়ে চার দশক আগের ডুরান্ড ফাইনালে স্মৃতি। বাবলুদা, অলোকদা, বাবু মানি, কৃষেন্দু রায়, অমিত ভদ্র, প্রশান্ত ব্যনার্জিরা উজাড় করে দিয়েছিল। ভুললে চলবে না ইস্ট বেঙ্গলও সেবার দারুণ ফর্মে। তিন লিঙ্কম্যানের ফর্মেশনে প্রশান্ত, অমলরাজের সঙ্গে আমাকে খেলান অমলদা। গোটা ম্যাচে মাঝমাঠে দাপট দেখিয়েছিল মোহন বাগানই। যাই হোক, ইতিহাস ছেড়ে এবার এগনো যাক। আগামী রবিবার ফের আরও একটা বড়ো ম্যাচ। চলতি আইএসএলের প্রথম ডার্বির আগে ক্রমশ পারদ চড়ছে। মধুর নভেম্বরে সবুজ-মেরুন ফুল ফোটাতে পারে ম্যাকারা। আসলে পানোসের মোহন বাগানে ম্যাচ উইনার প্রচুর। আলবার্তো, ছাংতে, লিস্টন, আপুইয়ার মতো ফুটবলার দলের অস্ত্র। তার উপর মিগুয়েলও অনেকটাই ফিট। অন্যদিকে আনোয়ার না থাকায় চাপে থাকবে ইস্ট বেঙ্গল রক্ষণ।



