মুম্বই: জল্পনার অবসান! প্রত্যাশামতোই ভারতীয় দলে এল ডাক। সেটাও মাত্র ১৫ বছর বয়সে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে টি-২০ সিরিজের স্কোয়াডে জায়গা করে নিল বৈভব সূর্যবংশী। শচীন তেন্ডুলকরের পর এত কম বয়সে আর কোনো ক্রিকেটার জাতীয় দলে নির্বাচিত হয়নি। কিন্তু সদ্যসমাপ্ত আইপিএলে ২৩৭.৩০ স্ট্রাইকরেটে ৭৭৬ রান, রেকর্ড ৭২টি ছক্কার পর উপেক্ষা করা অসম্ভব ছিল নির্বাচকদের পক্ষে। কোটিপতি লিগে ইমার্জিং প্লেয়ার ও মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার পাওয়া বৈভব এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলেও রয়েছে।
নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর বলেছেন, ‘ও নিজেই নিজেকে নির্বাচিত করেছে। আমরা বৈভবকে নিতে বাধ্য হয়েছি। আইপিএলে গত মরশুমেও দুর্দান্ত খেলেছিল ও, শুধু এই মরশুমেই নয়। এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও চাপের আসরে যে বিধ্বংসী মেজাজে ব্যাট করেছে বৈভব, তাতে ওর প্রতি আমাদের অনেক আশা।’ আয়ারল্যান্ড বা ইংল্যান্ডে অভিষেক হলে ইতিহাস গড়বে বিস্ময় কিশোর। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে কোনো ভারতীয় ১৬ বছর হওয়ার আগে মাঠে নামেনি। শচীন তেন্ডুলকরের টেস্ট অভিষেক হয় ১৬ বছর ২০৫ দিনে। মাস্টার ব্লাস্টারের ওডিআই অভিষেক ঘটে আরও কয়েকদিন পর, ১৬ বছর ২৩৮ দিনে। ভারতের হয়ে মহিলাদের ক্রিকেটে শেফালি ভার্মার অবশ্য টি-২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটেছিল ১৫ বছর ২৩৯ দিনে। উল্লেখ্য, বেলফাস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের দু’টি টি-২০ যথাক্রমে ২৬ ও ২৮ জুন। আর ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ ১ জুলাই থেকে ১১ তারিখ পর্যন্ত চলবে।
টেস্টের জন্য অবশ্য এখনই ভাবা হচ্ছে না বৈভবকে। আগরকর বলেছেন, ‘ও বাচ্চা ছেলে। সবে শুরু করেছে। ঘরোয়া মরশুমে লাল বলের ক্রিকেট খেলুক। তাড়াহুড়োর তো কিছু নেই।’ বৈভবের জাতীয় দলে আসার খবরে অবশ্য সমস্তিপুরে এখনই শুরু উৎসব। বাবা সঞ্জীব সূর্যবংশী বলেছেন, ‘ছেলেকে নিয়ে গর্বিত। আনন্দে চোখে জল এসে গিয়েছে। এই দিনটার জন্যই ছোট থেকে এত পরিশ্রম করেছে বৈভব।আশা করব অনেক বছর ধরে ও দেশের হয়ে খেলবে।’
প্রত্যাশামতোই আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের টি-২০ দলের অধিনায়ক ঘোষিত হয়েছেন শ্রেয়স আয়ার। বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ছিটকে গিয়েছেন দল থেকেই। সহ-অধিনায়ক তিলক ভার্মা। বিশ্বকাপজয়ী দলের রিঙ্কু সিং ও কুলদীপ যাদব বাদ পড়েছেন। বিশ্রাম দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়া ও যশপ্রীত বুমরাহকে। শ্রেয়স ও বৈভব ছাড়া স্কোয়াডে এসেছেন নীতীশ কুমার রেড্ডি, রবি বিষ্ণোই ও প্রিন্স যাদব। চর্চায় থাকলেও স্কোয়াডে জায়গা হয়নি শুভমান গিল, রজত পাটীদার, ভুবনেশ্বর কুমার, ক্রুণাল পান্ডিয়াদের।