Bartaman Logo
১০ জুন, ২০২৬

ভদোদরায় মহিলাকে পিষে মারল বেপরোয়া গাড়ির চালক, জখম ৪

দোলের আগের রাতে গুজরাতের ভদোদরায় তরুণের বেপরোয়া গাড়ির তাণ্ডব। মৃত্যু হল এক মহিলার।

ভদোদরায় মহিলাকে পিষে মারল বেপরোয়া গাড়ির চালক, জখম ৪
  • ১৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভাদোদরা: দোলের আগের রাতে গুজরাতের ভদোদরায় তরুণের বেপরোয়া গাড়ির তাণ্ডব। মৃত্যু হল এক মহিলার। জখম আরও চারজন। তাদের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে, রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে শিশু ও মহিলা সহ কয়েকজন। কিছু দূরে বনেট খোলা অবস্থায় দাঁড়িয়ে একটি গাড়ি। এরইমধ্যে এক তরুণ গাড়ি থেকে বেরিয়ে বলেন, তিনি নয়, তাঁর বন্ধু গাড়ি চালাচ্ছিলেন। এরপরই চালকের আসন থেকে নেমে আসা তরুণ চেঁচিয়ে বলে ওঠেন, অ্যানাদার রাউন্ড (মানে, আরও একবার)। এখানেই থামেননি তিনি। ‘ওম নমঃ শিবায়’ বলেও চিৎকার করেন তিনি। 

Advertisement

জানা গিয়েছে, ঘাতক গাড়ির ওই চালক বছর কুড়ির রক্ষিত চৌরাসিয়া।  উত্তরপ্রদেশের বারানসীর বাসিন্দা রক্ষিত আইনের ছাত্র। তাঁর দাবি, ঘটনার দিন বন্ধুদের নিয়ে হলিকা দহন দেখতে গিয়েছিলেন। ফেরার পথে ওই দুর্ঘটনা। ভাদোদারার করেলিবাগ এলাকায় বেশ কয়েকটি স্কুটারে ধাক্কা মেরে রক্ষিতের গাড়ি থামে। গাড়ি থেকে বেরনোর পরই এলাকাবাসী তাঁকে ধরে বেধড়ক মারধর করে পুলিসের হাতে তুলে দেয়। জেরায় তিনি স্বীকার করেন, ভাং খেয়ে গাড়ি চালাচ্ছিলেন। তাঁর সাফাই, দেরা সার্কেলে একজন বন্ধুকে নামিয়ে  আসার সময় রাস্তার গর্তে তাঁর গাড়ির চাকা পড়ে। এর জেরে এয়ার ব্যাগ খুলে যাওয়ায় আর কিছু তিনি দেখতে পাননি।  
পুলিসের ঘেরাটোপে রক্ষিতকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই সাফাই দিয়েছে রক্ষিত। আর তাতেই চটেছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে এক মহিলাকে খুনের পর কীভাবে সেই ঘাতক যুবক এভাবে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন। অনেকে প্রশ্ন করেছেন, ওই যুবককে কি ছেড়ে দেওয়া হয়েছে যে তিনি ওইভাবে ভাষণ দিচ্ছেন। অন্যদিকে পুলিস কীভাবে তাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার অনুমতি দিল, তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। 
রক্ষিত দাবি করেছেন, তিনি মদ খাননি। দুর্ঘটনার সময় তাঁর গাড়ি ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ছিল। তবে যেহেতু তাঁর জন্য এই দুর্ঘটনা ঘটেছে, তাই মৃত ও জখমদের পরিবারের সঙ্গে দেখা করতে চান। তাঁদের যা সাহায্য লাগে তিনি দেবেন। 
পুলিস জানিয়েছে, মৃত ওই মহিলার নাম হেমালিবেন প্যাটেল। অন্যদিকে জখমদের মধ্যে রয়েছেন জাইনি (১২), নিশাবেন (৩৫)। এছাড়া ১০ বছরের এক শিশু ও ৪০ বছরের এক ব্যক্তিও জখম হয়েছে। পুলিসের যুগ্ম কমিশনার লীনা পাতিল বলেন, গাড়ির চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। এই দুর্ঘটনায় আরও দু’টি গাড়ি ও একটি ইলেকট্রিক স্কুটার ক্ষতিগ্রস্ত হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ