Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তরবঙ্গের পুলিস সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজির

উত্তরবঙ্গের পুলিস সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজির
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: উত্তরবঙ্গের জেলাগুলিতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ক্রমশ বাড়ছে। বাংলাদেশের অশান্তির পর থেকেই জেলায় জেলায় পুলিসের জালে ধরা পড়ছে বাংলাদেশি নাগরিক। তাই এবার পুলিস সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিলেন উত্তরবঙ্গের আইজি রাজেশ যাদব। বালুরঘাটে এসে তিনি বলেন, সীমান্তে অনুপ্রবেশ নিয়ে বিএসএফের সঙ্গে যৌথভাবে কাজ চলছে। বাংলাদেশে অস্থিরতার সময় থেকেই নজরদারি চলছে। আমরা সব এসপিকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছি। পাশাপাশি বিএসএফের সঙ্গে সব সময় যোগাযোগ রেখেই নানা কাজ করছি। 
Advertisement
পুলিস সূত্রে খবর, উত্তরবঙ্গের নানা জায়গায় বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলার বহু জায়গায় অনুপ্রবেশের হার চিন্তাজনক। সীমান্তে কাঁটাতার পেরিয়ে কুমারগঞ্জের ডাঙারহাটে কিছুদিন  ঘাপটি মেরে থাকা এক ব্যক্তিকে কুমারগঞ্জ থানার পুলিস গ্রেপ্তার করেছে।  তার কাছে অবৈধ ভোটার ও আধার কার্ড পাওয়া গিয়েছে। তপনের সীমান্তে বিএসএফ এক বাংলাদেশিকে আটক করে। কাজেই সীমান্তের গ্রামগুলি তো বটেই, জেলাজুড়ে এই বাংলাদেশিদের নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। তাদের একাংশকে এদেশের মানুষ আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ। এমন একাধিক আশ্রয়দাতাকে পুলিস গ্রেপ্তার করেছে। তারপর থেকেই বাংলাদেশিদের উপর কড়া নজর রেখেছে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিস।
এই জেলার তিনদিক সীমান্ত এলাকা। ফলে বছরভর বাংলাদেশিদের উৎপাত। পুলিসের অনুমান, বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এপারে এসে নাশকতা করতে পারে। তাই সীমান্তের জেলাগুলিতে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন আইজি। এদিকে বাংলাদেশিরা এদেশে আশ্রয় নিয়ে অবৈধ পাসপোর্ট, ভোটার, আধার কার্ড তৈরি করছে। একটি চক্র কাজ করছে জেলাগুলিতে। সেদিকেও পুলিস নজর ঘুরিয়েছে।
সম্পর্কিত সংবাদ