নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: রবিবার একাধিক অনুষ্ঠানের মধ্যদিয়ে উত্তরবঙ্গজুড়ে পালিত হল স্বামীজি বিবেকানন্দের ১৬৩তম জন্মজয়ন্তী উৎসব ও জাতীয় যুব দিবস। কোচবিহার থেকে মালদহ সর্বত্রই স্থানীয় প্রশাসন ও বেসরকারি সংস্থার উদ্যোগে এই দিনটি পালন করা হয়। শিলিগুড়ি পুরসভার তরফে স্বামীজিকে শ্রদ্ধা নিবেদন করা হয়। মেয়র গৌতম দেব পুরসভায় স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করেন। পরে তিনি হায়দরপাড়ায় স্বামীজি মোড়ে স্বামীজর মূর্তিতে মাল্যদান করেন। নকশালবাড়ি শ্রীরামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে রোড রেসের আয়োজন করা হয়। কোচবিহার জেলায় এদিন এ উপলক্ষ্যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে কোচবিহার জেলা প্রেস ক্লাব। চারটি বিভাগে ৪৫০ জন প্রতিযোগী এতে অংশ নেয়। সকালে স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। অন্যদিকে, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতেও যথাযোগ্য মর্যাদায় জন্মজয়ন্তী উৎসব পালন করা হয়।



