নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলির উত্তরপাড়া স্টেট জেনারেল হাপসাতালে তোরণের রং গেরুয়া-সাদা করে দেওয়া হল। বিষয়টি প্রকাশ্যে আসতেই নানা মহলে চর্চা শুরু হয়েছে। কিন্তু নাগরিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, পরিষেবার বদল না ঘটিয়ে রং বদলালেই কি মানুষের উপকার হবে? রাজ্যে সরকার বদলের পরে সরকারি প্রতিষ্ঠানের রং বদলের জল্পনা শুরু হয়েছিল। বস্তুত সেই ধারাতেই রং বদল হয়েছে। নাগরিকদের অভিযোগ, হাসপাতালের বেহাল দশা। রোগীর নজরদারি থেকে পরিষেবা, সবেতেই ভাঁড়ে মা ভবানী। আবার হাসপাতালের পরিকাঠামো ভঙ্গুর হয়ে পড়েছে। পুরানো বাড়ির অনেক জায়গায় ভাঙন শুরু হয়েছে। সেসবের দিকে নজর না দিয়ে সরকারি উদ্যোগে হাসপাতালের রং বদলের প্রয়োজনীয়তা ঘিরে চর্চা শুরু হয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব প্রকাশ্যে মন্তব্য করতে চাননি। তবে সিপিএম জেলা সম্পাদক দেবব্রত ঘোষ বলেন, রঙের বদল মানে প্রশাসনের রাজনৈতিক বশ্যতা স্বীকারের স্বীকারোক্তি। আসলে হওয়া উচিত পরিকাঠামোর ভোলবদল। উন্নত পরিষেবা দেওয়া। সেসব করলে সরকারের উদ্দেশ্য জনমুখী বলে বোঝা যেত। বর্তমান সরকারের কাছ থেকে আমরা সেই সদিচ্ছা প্রত্যাশা করি না।
বিজেপি’র উত্তরপাড়ার বিধায়ক দীপঞ্জন চক্রবর্তী অবশ্য বলেন, রংও বদলাবে, ভোলও বদলাবে। পরিকাঠামোকে উন্নততর করে তোলার কাজ শুরু হয়েছে। মানুষ দ্রুত সুফল পাবেন। যাঁরা সমালোচনা করবেন বলে অপেক্ষা করে থাকেন, তাঁদের নিয়ে ভাবতে চাই না। সরকার বদলের পর স্বাস্থ্যপ্রতিমন্ত্রী সুমনা সরকারের বিধানসভা বলাগড়ে আস্ত হাসপাতালের নামই বদলে ফেলা হয়েছিল। নিজস্ব চিত্র



