নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাগাল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে সন্তোষ ট্রফি অভিযান শুরু করেছে বাংলা। শনিবার বঙ্গ ব্রিগেডের প্রতিপক্ষ উত্তরাখণ্ড। প্রথম ম্যাচে রাজস্থানের কাছে ২-৩ গোলে বশ মেনেছে উত্তরাখণ্ড। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে গোল পার্থক্য বাড়িয়ে নেওয়ার সুযোগ বাংলার সামনে। পরিচিত আক্রমণাত্মক ফুটবলে বিপক্ষের দুর্গে ফাটল ধরাতে চান সঞ্জয়। ম্যাচের আগে তাঁর মন্তব্য, ‘ফুটবলারদের উপর পূর্ণ আস্থা রয়েছে। তারা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন। ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ’ উল্লেখ্য, সঞ্জয় সেনের কোচিংয়েই গতবার খেতাব জেতে বাংলা। ফাইনালে রবি হাঁসদার গোলে কেরলকে হারায় তারা। চলতি মরশুমেও শিরোপা ধরে রাখতে মরিয়া ৩৩ বারের চ্যাম্পিয়নরা।
ডিব্রুগড়ে বাংলার টিম-হোটেল থেকে স্টেডিয়াম পৌঁছাতে প্রায় দু’ঘণ্টা সময় লাগে। তার উপর একদিনের ব্যবধানে ম্যাচ খেলতে হওয়ায় প্রচণ্ড বিরক্ত টিম ম্যানেজমেন্ট। ধকল সামনে নিজেদের উজাড় করে দেওয়া সত্যিই কঠিন। ধকল এড়াতে এদিন টিম হোটেল লাগোয়া মাঠে প্রস্তুতি সারলেন সায়ন, করণরা। কার্যত খোলা আকাশের নীচে পোশাক পরিবর্তন করতে হয় ফুটবলারদের। আসলে কোনওরকমে টুর্নামেন্ট শেষ করাই ফেডারেশনের উদ্দেশ্য। ফলে প্রায় সবকটি দলকেই দুর্ভোগ পোহাতে হচ্ছে। যাই হোক, সঞ্জয় অজুহাত দিতে নারাজ। বরং তাঁর ফোকাসে শুধুই তিন পয়েন্ট। সায়ন, আকিব, আকাশদের মতো উইং হাফ তাঁর সম্পদ। মাঝমাঠের ব্যালান্স যে কোনও প্রতিপক্ষকে টেক্কা দিতে পারে। তাই উত্তরাখণ্ডের বিরুদ্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলাতে চান তিনি। একইসঙ্গে রোটেশন পদ্ধতি অনুসরণ করার পরিকল্পনাও রয়েছে।
ম্যাচ শুরু দুপুর দুটোয়।
সম্প্রচার ফিফা প্লাস অ্যাপে।