লখনউ: যোগীরাজ্যে স্কুল ভ্যানে যৌন নিগ্রহের শিকার চার বছরের শিশুকন্যা। এই ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম মহম্মদ আরিফ। লখনউয়ের এই বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের প্রশ্ন উঠছে। নাবালিকার পরিবারের দাবি, যৌন নির্যাতন নিয়ে স্কুল কর্তৃপক্ষকেও অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু পদক্ষেপ নেওয়ার বদলে তারা মুখ বন্ধ রাখার পরামর্শ দেয়। এমনকী, পরিবারের সদস্যদের হেনস্তাও করে অভিযুক্ত ভ্যানচালক।
ডেপুটি কমিশনার অব পুলিস (পূর্ব) শশাঙ্ক সিং জানিয়েছেন, নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দু’টি টিম বিষয়টি খতিয়ে দেখছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জানিয়েছেন শিশুর মা। তদন্তকারী আধিকারিকরা সেদিকটিও খতিয়ে দেখছেন।
শিশুর মায়ের অভিযোগ, হঠাৎই মেয়ের গোপনাঙ্গে ব্যথা শুরু হয়। চিকিৎসক শারীরিক পরীক্ষা করে বলেন, যৌন হেনস্তা শিকার হয়েছে ওই নাবালিকা। তারপর প্রিন্সিপালের কাছে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু, তিনি কোনও ব্যবস্থা নেননি। পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সব নিয়ে বেশি হৈচৈ করলে মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর দু’দিন পর অভিযুক্ত চালকই আবার মেয়েকে নিতে আসে। বাধা দিলে, সে পরিবারের সকলকে হেনস্তাও করে।