নির্মাল্য সেনগুপ্ত, রায়গঞ্জ: রাতারাতি গেরুয়া রঙ করা হল উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতির সরকারি বাংলো। সভাধিপতি কৃষ্ণা সিংহ রায়চৌধুরী খাতায়কলমে এখনও দল বদল করেন নি। তৃণমূলেই আছেন। প্রায় একমাস আগে তিনি উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি হিসেবে দায়িত্বভার গ্রহন করেছিলেন। তিনি সভাধিপতি থাকাকালিনই রহস্যজনক ভাবে কর্ণজোড়ায় অবস্থিত এই সরকারি বাংলোটি রঙ বদলে গিয়েছে! এনিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই বলছেন, তাহলে কি এবার সভাধিপতি সরকারি ভাবে বিজেপিতে যোগ দিচ্ছেন? যদিও এই বিষয়ে জানার জন্য ফোন করে প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলেও কৃষ্ণাদেবীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মেসেজ পাঠানো হলেও তার কোনো জবাব মেলেনি।
জেলা কংগ্রেসের সভাপতি তুষারকান্তি গুহর বক্তব্য, আমার যা দেখছি, তাতে যাহা তৃণমূল, তাহাই বিজেপি। যে তৃণমূল নেতানেত্রীরা এখনও ভালো সেজে জেলা পরিষদের চেয়ারে বসে আছেন তাঁরাই তো গত পঞ্চায়েত ভোটে দেদার সন্ত্রাস চালিয়ে ভোট লুট করে ক্ষমতা দখল করেছিলেন। এখন তাঁদের অনেকে লিখিত ও অলিখিত ভাবে বিজেপি হচ্ছেন।
নতুন সভাধিপতির সরকারি বাংলোর রঙ বদলের পিছনেও মনে হয় এমনই কোনো সমীকরণ রয়েছে। কার্যত একই সুর সিপিএমের গলাতেও।
সিপিএমের জেলা সম্পাদক আনোয়ারুল হক বলেন, তৃণমূল বিজেপিতে কোনো ফারাক নেই। এখন যিনি জেলা পরিষদের সভাধিপতি তিনি হয়তো আগামীতে বিজেপিতে যাবেন। তাই বিজেপিকে খুশি করতে আগে থেকে সরকারি বাংলোর রঙ বদল করালেন।
এদিকে, বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ। তিনি বলেন, বাংলোর রং গেরুয়া হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। গোটা রাজ্যে সনাতন আচার আচরণে মানুষ গুরুত্ব দিচ্ছেন।
এক প্রশাসনিক আধিকারিক বলেন, বাংলো রঙের বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হবে।
প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর গত জুন মাসে আচমকা পদত্যাগ করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি পম্পা পাল। এরপর মাসকয়েক নানা টানাপোড়েন কাটিয়ে প্রায় একমাস আগে সর্বসম্মতি ক্রমে কৃষ্ণা সিংহ রায়চৌধুরী সভাধিপতি হন। তখনও জল্পনা তৈরী হয়েছিল, যে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই সভাধিপতি পদ পেয়েছেন কৃষ্ণাদেবী। এরপর আচমকা তাঁর সরকারি বাংলোর গেরুয়া রঙে সজ্জিত হওয়ায় নতুন করে সেই জল্পনা আবার সামনে এসেছে।



