নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: সদ্য শুরু হওয়া অর্থবর্ষে গ্রামাঞ্চলের উন্নয়নে ১০২ কোটি টাকার বাজেট ধার্য করেছে উত্তর দিনাজপুর জেলা পরিষদ। যার মাধ্যমে জেলায়, রাস্তা, কালভার্ট, পানীয় জল, আলো সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হবে। সম্প্রতি সর্বসম্মতিক্রমেই পাশ হয়েছে উত্তর দিনাজপুর জেলাপরিষদের ২০২৫-২৬ সালের বাজেট। এই অর্থবর্ষে গুরুত্ব দেওয়া হয়েছে পূর্ত ক্ষেত্রে। বিশেষ করে রাস্তা, কালভার্ট নির্মাণ সহ ইস্যু রয়েছে। সেই সঙ্গে নিজস্ব আয় বৃদ্ধিতে জোর দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা বলেন, জেলার গ্রামীণ উন্নয়নের জন্য জেলাপরিষদ চলতি অর্থবর্ষে ১০২ কোটি টাকার ব্যয় বরাদ্দ ধার্য করেছে। এরমধ্যে টায়েড ফান্ড ১২ কোটি ও আনটায়েড ফান্ডে ৮ কোটি টাকা বাজেট ধরা হয়েছে।



