Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

উৎসব মরশুমে বেড়েছে বিনা টিকিটে যাত্রী সংখ্যা

উৎসব মরশুমে বেড়েছে বিনা টিকিটে যাত্রী সংখ্যা
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: বিনা টিকিটে রেল যাত্রা দণ্ডনীয় অপরাধ।  ধরা পড়লে জরিমানা হতে পারে। তা সত্ত্বেও পুজোর মরশুমে এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েছেন যাত্রীরা। টিকিট না কেটে ট্রেনের সফর করেছেন লক্ষাধিক যাত্রী। পুজোয় ঘুরতে বেরিয়ে ট্রেন ধরার তাড়া থাকে যাত্রীদের‌‌। টিকিট কাউন্টারে লম্বা লাইন পড়ে।  টিকিট কাটতে গেলে ট্রেন মিস। তাই কাউন্টার এড়িয়ে উঠে পড়েন ট্রেনে। সেই আইন ভাঙার জন্য শুধু অক্টোবর মাসেই গোটা রাজ্যে প্রায় ২ লক্ষ যাত্রীকে আটক করেছে পূর্ব রেল।  তবে এই  ধরপাকড়ের পরিসংখ্যান খাতায় কলমেই। বাস্তবে বিনা টিকিটে ট্রেনে সফরকারী যাত্রীর সংখ্যা আরও অনেক বেশি বলেই মনে করেছেন রেলের আধিকারিকরাও। টিটির নজর এড়িয়েও বহু যাত্রী বিনা টিকিটে প্লাটফর্ম ছেড়েছেন। তবে শুধু উৎসব মরশুমেই নয়, বিনা টিকিটে ট্রেনে সফরের প্রবণতা বাড়ছে যাত্রীদের মধ্যে। এমনটাই মনে করছে পূর্ব রেল। কারণ, গত বছর উৎসবের মাসের তুলনায় এবছর উৎসবের মাসে বিনা টিকিটে আটক হওয়া যাত্রীর সংখ্যা বেশি। প্রায় ২.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যদিও বিনা টিকিটে ট্রেনে সফর না করা নিয়ে পূর্ব রেলের তরফ থেকে লাগাতার প্রচার করা হচ্ছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে, এবছর অক্টোবর মাসে এই নিয়ম ভেঙে রাজ্যের চারটি ডিভিশন থেকে ১ লক্ষ ৮৬ হাজার ৮০০ জনকে আটক করেছে পূর্ব রেল। যেখানে গতবছর অক্টোবর মাসে ১ লক্ষ ৮২ হাজার ৯০০ জন আটক হয়েছিল নিয়ম ভঙ্গের কারণে।  রেল সূত্রে জানা গিয়েছে, বিনা টিকিটে ট্রেনের সফর করার জন্য হাওড়া ডিভিশনে ৮১ হাজার জন যাত্রী, শিয়ালদা ডিভিশনে ৬৫ হাজার ৩০০ জন যাত্রী, আসানসোল ডিভিশনে ৩১ হাজার ১০০ জন যাত্রী, মালদা ডিভিশনে ৯ হাজার ৩০০ জন যাত্রী আটক হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ