ওয়াশিংটন, ৮ জানুয়ারি: মাদক সন্ত্রাসের অভিযোগ অজুহাত মাত্র। আসল উদ্দেশ্য বিপুল খনিজ তেলের দখল! ভেনেজুয়েলায় সামরিক অভিযান ও নিকোলাস মাদুরোকে অপহরণ করে আমেরিকায় নিয়ে যাওয়ার এটাই যে কারণ, তা বুঝতে আর বাকি নেই বিশ্ববাসীর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাতেও মিলেছে সেই ইঙ্গিত। কোনও রাখঢাক না রেখেই এবার প্রকাশ্যে নিজেদের সেই মনোবাঞ্ছার কথা ঘোষণা করলেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট। তিনি জানিয়েছেন, ভেনেজুয়েলার তেল বিক্রি সংক্রান্ত বিষয়ে নিয়ন্ত্রক হতে চায় ট্রাম্প প্রশাসন। এবং সেটা অনন্ত সময়ের জন্য।
বুধবার মিয়ামিতে এক অনুষ্ঠানে রাইট বলেন, ‘আমরা ভেনেজুয়েলা থেকে আসা অপরিশোধিত তেল বাজারে বিক্রি করতে চলেছি। প্রথমে তেল সঞ্চয় করে ব্যাক আপ তৈরি করা হবে। তার পরে অনন্ত সময়ের জন্য আমরা ভেনেজুয়েলায় উৎপাদিত তেল বিক্রি করব।’
ভেনেজুয়েলার তেলের খনিগুলিতে লগ্নির জন্য ইতিমধ্যে মার্কিন সংস্থাগুলির উপরে চাপ সৃষ্টি করছে ট্রাম্প সরকার। লক্ষ্য উৎপাদন বৃদ্ধি করা। সেইসঙ্গে সেদেশের তেল কোম্পানিগুলির উপরে পর্যায়ক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।
ভেনেজুয়েলা পাঁচ কোটি ব্যারেল তেল আমেরিকার কাছে বিক্রি করবে বলে গত মঙ্গলবার ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার বর্তমান বাজারমূল্য ২.৮ বিলিয়ন ডলার।