Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

হরমুজের কাছে ভাঙল মার্কিন কপ্টার

হরমুজের কাছে মার্কিন অ্যাপাচে কপ্টার ভেঙে পড়েছে। দুই পাইলট অক্ষত, তদন্ত চলছে। কেন ভাঙল কপ্টার? বিস্তারিত পড়ুন।

হরমুজের কাছে ভাঙল মার্কিন কপ্টার
  • ১০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: হরমুজের কাছে ধ্বংস হয়েছে মার্কিন অ্যাপাচে হেলিকপ্টার। মঙ্গলবার সকালে একথা জানান ট্রাম্প স্বয়ং। বলেন, কী কারণে দুর্ঘটনা তার বিস্তারিত রিপোর্ট পরে প্রকাশ করা হবে। তবে কপ্টারের দুই পাইলট অক্ষত রয়েছেন। জানা গিয়েছে, একটি মার্কিন সমুদ্র ড্রোনের সাহায্যে তাঁদের উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে সেন্টকম জানায়, স্থানীয় সময় সোমবার রাতে উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন হয়। তবে হেলিকপ্টারটি কেন ভেঙে পড়ল, তা স্পষ্ট নয়। প্রাথমিকভাবে জানা যায়নি, এটি যান্ত্রিক বা প্রযুক্তিগত ত্রুটির কারণে দুর্ঘটনার শিকার হয়েছে, নাকি ইরানের হামলায় ধ্বংস হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

পশ্চিম এশিয়ায় অশান্তির আবহে হরমুজে অ্যাপাচে হেলিকপ্টার পাঠায় আমেরিকা। মূলত, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করতেই এই পদক্ষেপ। একইসঙ্গে যুদ্ধবিমান ও রিপার ড্রোন মোতায়েন করে ওয়াশিংটন। ইতিমধ্যেই অন্তত ৩০টি রিপার ড্রোন এবং কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরান। তবে অ্যাপাচে হেলিকপ্টার ধ্বংসের ঘটনা এই প্রথম। তাই একে নিছক দুর্ঘটনা হিসাবে মানতে চাইছেন না অনেকেই। সমর বিশেষজ্ঞদের মতে, হেলফায়ার ক্ষেপণাস্ত্রে সজ্জিত এএইচ-৬৪ অ্যাপাচে কপ্টার ধ্বংস হলে, তা অবশ্যই আমেরিকার কাছে বড়ো ধাক্কা।  এদিন কপ্টার দুর্ঘটনার খবর জানানোর পাশাপাশি ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। বলেন, আগামী দু-তিন দিনের মধ্যেই সমঝোতা চুক্তি স্বাক্ষরের ভালো সম্ভাবনা রয়েছে। তাঁর কথায়, ‘আমরা একটি খুব ভালো, শক্তিশালী চুক্তির অত্যন্ত কাছাকাছি পৌঁছে গিয়েছি। আমরা চাইলে আরও কয়েক সপ্তাহ বোমাবর্ষণ চালাতে পারি, কিন্তু তাতে হরমুজ প্রণালী দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যাবে।’ 
অন্যদিকে, পরস্পরের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর পর আপাতত সংঘর্ষ থামানোর কথা জানিয়েছে ইরান ও ইজরায়েল। সূত্রের দাবি, বিষয়টি নিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু। যদিও ইজরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এই দাবি খারিজ করে দেন। তাঁর মতে, বিষয়টিকে অতিরঞ্জিত করা হচ্ছে। তবে বিভিন্ন সূত্রের দাবি, নেতানিয়াহুর ভূমিকা নিয়ে ক্রমশ বিরক্ত হয়ে উঠেছেন ট্রাম্প। এর আগে তিনি প্রকাশ্যে ইরান ও ইজরায়েল উভয়কেই হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। তাতে লাভ হয়নি। হরমুজ বন্ধ থাকায় গোটা বিশ্বকে জ্বালানি সমস্যায় ভুগতে হচ্ছে। তাই অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক করা প্রয়োজন বলে দাবি ট্রাম্পের। এর মধ্যেই ইজরায়েলের হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ইউনিটের অন্তত দুই সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। অন্যদিকে,  ওমান উপকূলে বাণিজ্যিক তেলবাহী ভারতীয় জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চলেছে। তবে জাহাজে থাকা ২৪ জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (আইসিজি)।

Advertisement
সম্পর্কিত সংবাদ