ফিরল টাইটানিকের স্মৃতি! নদীতে ভয়াবহ জাহাজ দুর্ঘটনা! ‘বাঁচাও বাঁচাও’, প্রাণে বাঁচার মরিয়া চেষ্টা
  • ১৪ নভেম্বর, ২০২৬ ১৮:৩৬
Prefer us on Google

নিউ ইয়র্ক, ১৪ নভেম্বর: ভয়াবহ জাহাজ দুর্ঘটনা আমেরিকায়! একটি বিলাসবহুল জাহাজ আস্তে আস্তে নিমজ্জিত হয়ে যাচ্ছে মিসিসিপির গর্ভে। শুরু হয় প্রাণে বাঁচার লড়াই। ১৮০ জন যাত্রীর আর্তনাদ। দুর্ঘটনার সময় অনেকে নদীতে পড়ে যান, আবার প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন বহু যাত্রী। দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। 

Advertisement

আমেরিকার পোর্ট অফ নিউ অরলিন্সের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। ‘আমেরিকান হেরিটেজ’ নামে একটি পাঁচতলা বিলাসবহুল যাত্রীবাহী জাহাজে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ‘আটলান্টিক অ্যাসফাল্ট’ নামের একটি ট্যাঙ্কার। যার ফলে জাহাজটি উল্টে যায়। সূত্রের খবর, সেই সময় ক্রুজে যাত্রী ও স্টাফ মিলিয়ে প্রায় ১৮০ জন ছিলেন।

একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, প্রাণে বাঁচার জন্য লাইফ জ্যাকেট পরে বহু যাত্রী মিসিসিপির জলে ঝাঁপ দিচ্ছেন। কেউ কেউ সাঁতার কাটছেন, আবার কেউ কেউ ‘হেল্প হেল্প’ বলে চিৎকার করছেন। সবমিলিয়ে সেখানে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে প্রশাসনের তৎপরতায় সঙ্গে প্রত্যেক যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলেই সূত্রের খবর। আহত ৩২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। তবে হাসপাতাল সূত্রে খবর, কারও চোটই তেমন গুরুতর নয়। 

অনেকেরই মতে, এই ঘটনা যদি রাতে ঘটত, তবে বিরাট ক্ষতি হয়ে যেত। তবে দুর্ঘটনার পরেই প্রশাসন তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ শুরু করে। যাঁরা প্রাণে বাঁচার জন্য জলে ঝাঁপ দিয়েছিলেন, তাঁদের সকলকেই নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এদিকে, এই গোটা ঘটনায় অনেকেই টাইটানিকের প্রসঙ্গ টানছেন। অনেকেই টাইটানিক সিনেমার বিজিএম ব্যবহার করে পোস্ট করছেন সমাজ মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, ‘ভগবান দয়া করে সকলকে এই বিপদ থেকে রক্ষা করুন।’