যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে বিপর্যয়, কয়েক ঘণ্টার জন্য বন্ধ সব উড়ান, চরম ভোগান্তি হাজার হাজার যাত্রীর
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৯:১৪
Prefer us on Google

ওয়াশিংটন, ১৪ নভেম্বর: আমেরিকাজুড়ে যোগাযোগ ব্যবস্থায় বড়সড় বিভ্রাটের জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে গেল দেশের সমস্ত বিমানবন্দর থেকে বিমান পরিষেবা। রাতারাতি তৈরি হল চরম বিশৃঙ্খলা। য়েক ঘণ্টা পর নিষেধাজ্ঞা উঠলেও তার জেরে এখনও ভোগান্তির আশঙ্কা রয়েছে হাজার হাজার যাত্রীর। দেশের বিভিন্ন আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ায় এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন বিমান নিয়ন্ত্রক সংস্থা।

Advertisement

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন জানান, ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের টেলিযোগাযোগ ব্যবস্থায় বিভ্রাটের কারণেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের জঙ্গি হামলার পর এই নিয়ে দ্বিতীয়বার এমন পরিস্থিতিতে পড়ল আমেরিকার বিমান চলাচল ব্যবস্থা। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বিমান চালাচলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সম্ভাব্য কোনও হুমকি বা নাশকতার আশঙ্কাও খারিজ করা হয়েছে বিমানবন্দর নিরাপত্তা আধিকারিকদের তরফে। তবে সাময়িক নিষেধাজ্ঞা উঠে গেলেও বিপত্তি পুরোপুরি কাটেনি। বিভিন্ন বিমান সংস্থাকে নতুন করে বিমান ও কর্মীদের অবস্থান সামলাতে হচ্ছে। ফলে বহু বিমান দেরিতে চলতে পারে, এমনকী কিছু উড়ান বাতিলও হতে পারে। 

কিন্তু কেন এমন পরিস্থিতি তৈরি হল? ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'অস্বাভাবিক পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত কারণেই' দেশজুড়ে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩ সালের জানুয়ারি মাসে সংস্থার একটি গুরুত্বপূর্ণ কম্পিউটার ব্যবস্থায় ত্রুটির কারণে শেষবার আমেরিকাজুড়ে বিমান চলাচল বন্ধ রাখতে হয়েছিল। তার আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের জঙ্গি হামলার পর এমন পরিস্থিতি তৈরি হয়েছিল।

মার্কিন পরিবহণ সচিব শন ডাফি জানিয়েছেন, দেশের ২২টি আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টার এই সমস্যার প্রভাবের মুখে পড়েছে। বিমানবন্দরগুলির মধ্যে যাতায়াতকারী বিমানগুলিকে আকাশপথে নিয়ন্ত্রণ করার দায়িত্বে থাকে এই কেন্দ্রগুলি। ফলে যোগাযোগ ব্যবস্থায় গোলযোগ দেখা দেওয়ায় বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। ইতিমধ্যেই ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ইঞ্জিনিয়াররা সমস্যার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছেন। 

এই পরিস্থিতিতে বিমান চলাচলের পরিকাঠামো ঢেলে সাজানোর জন্য কংগ্রেসের কাছে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন ডাফি। তাঁর কথায়, 'আমাদের এমন একটি অত্যাধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা তৈরি করার জন্য প্রয়োজনীয় অর্থ দিন, যা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জোড়াতালি দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে না। এটি প্রতিটি পরিবারের নিরাপত্তার সঙ্গে জড়িত। বিষয়টি রিপাবলিকান বা ডেমোক্র্যাটদের নয়, লাল বা নীল শিবিরের নয় এটি আমেরিকার প্রশ্ন। এই ব্যবস্থা ঠিক করার জন্য আমাদের অর্থ দিন।' 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পুরনো প্রযুক্তির উপর নির্ভরশীল মার্কিন এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার আধুনিকীকরণের কাজ চলছে। গত বছর কংগ্রেস এই প্রকল্পের জন্য ১২.৫ বিলিয়ন ডলার বরাদ্দ করেছিল। ইতিমধ্যে বহু পুরনো তামার তার সরিয়ে ফাইবার অপটিক কেবল বসানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিমানবন্দরে পুরনো রেডিও ব্যবস্থার পরিবর্তে আধুনিক প্রযুক্তি চালুর কাজও চলছে। তবে এই বিপুল সংস্কার কর্মসূচি এখনও সম্পূর্ণ হয়নি। শন ডাফির দাবি, আধুনিকীকরণের কাজ শেষ করতে আরও প্রায় ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন। সেই অর্থ বরাদ্দের জন্য কংগ্রেসের কাছে আবেদন জানাতে শুরু করেছে হোয়াইট হাউস।