নয়াদিল্লি: জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত মোট ৩৮৮ অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। শীঘ্রই ফিরতে পারেন আরও ২৯৫ জন। শুক্রবার সংসদে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছে কেন্দ্র। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই অভিবাসন নীতি আরও কড়া করেছেন ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীদের ধরে ধরে ফেরত পাঠাচ্ছে সেদেশের সরকার। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর পাশাপাশি দুই ভারতীয় পড়ুয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। এই পরিস্থিতিতে আমেরিকায় বসবাসকারী ভারতীয় পড়ুয়াদের সেদেশের আইন মেনে চলার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
লোকসভায় বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, ‘জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৮৮ ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। তার মধ্যে ৩৩৩ জনকে আমেরিকা থেকে সরাসরি ভারতে পাঠানো হয়েছে। বাকিরা ফিরেছেন পানামা হয়ে। সম্প্রতি মার্কিন অভিবাসন ও শুল্ক বিভাগের অধিকারিকরা জানিয়েছেন, আরও ২৯৫ জনকে ফেরত পাঠানো হতে পারে। বিদেশ মন্ত্রক তাঁদের নথি যাচাই করছে। শুধুমাত্র মার্কিন অভিবাসন আইন লঙ্ঘনকারী ভারতীয়দের দেশে ফেরত পাঠানো হচ্ছে।’ একইসঙ্গে তিনি বলেন, ‘সবসময় অবৈধ অভিবাসনের বিরোধিতা করে এসেছে ভারত। তবে দেশে ফেরত পাঠানোরি প্রক্রিয়া মানবিক হওয়া দরকার। ফেব্রুয়ারির মার্কিন সফরে তা স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবিষয় একসঙ্গে কাজ করতে রাজি হয়েছে দু’পক্ষ।’
এদিকে, আমেরিকায় থাকা ভারতীয় পড়ুয়াদের বেশকিছু পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘ভারত যেমন আশা করে বিদেশি নাগরিকরা এদেশের নিয়ম মেনে চলবেন, তেমনি বিদেশে যাওয়া ভারতীয় পড়ুয়াদেরও সেখানকার নিয়ম মেনে চলা উচিত। কোনওরকম সমস্যা হলে কনস্যুলেট ও দূতাবাস যাবতীয় সাহায্য করবে।’