আলিগড়: যৌতুক হিসেবে চাহিদা ছিল একটি বাইক ও মোষ। দিতে পারেনি সঙ্গীতার পরিবার। সেই কারণে তাঁর গোপনাঙ্গে গরম লোহার রড ঢুকিয়ে অত্যাচার চালায় স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা। সেই অত্যাচারেই মৃত্যু হয় ৩২ বছর বয়সি ওই বধূর। উত্তরপ্রদেশের আলিগড়ের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ১০ বছর আগে বানপুরা গ্রামের বাসিন্দা বান্টির সঙ্গে বিয়ে হয়েছিল সঙ্গীতার। বিয়ের পর একবছর পর্যন্ত সব ঠিক ছিল। তারপর থেকেই যৌতুকের দাবি করতে শুরু করে বান্টির পরিবারের সদস্যরা। সঙ্গীতার মায়ের অভিযোগ, এরপর থেকে মারধর করা হতো ওই বধূকে। বান্টি নাকি স্ত্রীকে হুমকি দিত, বাইক না দিলে খুন করা হবে। দুই সন্তানের মা সঙ্গীতা প্রতিবাদ করলে তাঁকে আরও মারধর করা হতো। সম্প্রতি তাঁর গোপনাঙ্গে গরম লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজ করছে পুলিস।



