নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে অসময়ের বৃষ্টিতে মাঠে থাকা ধান, সবজি, আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। এর প্রভাব বাজারে পড়তে শুরু করেছে। সবজি, আলু প্রভৃতির দাম বাড়ছে। কৃষি বিপণনের সঙ্গে যুক্ত লোকজন মনে করছেন, এই বৃষ্টির ফলে বাজারে যে ধাক্কা লাগল, তার জের এখন বেশ কিছুদিন চলবে। তবে লাগামছাড়া দাম যাতে না হয়, তার জন্য সরকারি তরফের নজরদারি শুরু করার নির্দেশও সংশ্লিষ্ট সব দপ্তরকে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কলকাতা লাগোয়া ও দক্ষিণবঙ্গের যে সব জেলাতে আলু সহ বিভিন্ন সবজির চাষ-আবাদ, সেখানে সব জায়গাতে টানা দু’দিন প্রচুর বৃষ্টি হয়েছে। এই সময় মাঠে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, সিম সহ বিভিন্ন শীতের সবজি মাঠ ভরে ছিল। অল্প বিস্তর বৃষ্টি হলে, সবজির বিশেষ ক্ষতি হত না। কিন্তু যে মাত্রায় বৃষ্টি হয়েছে, তাতে সবজির ক্ষতি হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। পশ্চিমবঙ্গ চাষি ভেন্ডার অ্যাসোসিয়েশনের সভাপতি তথা সবজির পাইকারি বাজার কোলে মার্কেটের আধিকারিক কমল দে শনিবার জানিয়েছেন, এদিন বাজারে সবজি আসা একদমই কমে গিয়েছে। যেটুকু সবজি এসেছে, তা সঙ্গে সঙ্গে চড়া দামে কিনে নিয়ে গিয়েছেন কারবারিরা। যে ফুলকপি দু’দিন আগে পাইকারি বাজারে ১০-১৫ টাকার বিক্রি হচ্ছিল, তা এদিন ৪০ টাকায় বিক্রি হয়েছে। বাঁধাকপি, ক্যাপসিকাম, পটল, ঢেঁড়শ সব কিছু প্রায় দ্বিগুণ দামে বিক্রি হয়েছে। মোটামুটি এই সবের দাম পাইকারি বাজারে এদিন ৫০-৬০ টাকা ছিল। আজ রবিবার ছুটির দিনে খুচরো বাজারে গিয়ে ক্রেতারা দাম বেড়ে যাওয়ার ‘ছেঁকা’ অনুভব করবেন বলে পাইকারি বিক্রেতারা মনে করছেন।
কিছুদিন ধরে শীতের সবজির দাম খানিকটা কমে যাওয়ায় মানুষ স্বস্তি পেয়েছিলেন। খুচরো বাজারে ২০-২৫ টাকায় ফুলকপি, ৩০ টাকা কেজি দরে বাঁধাকপি, বেগুন ৬০ টাকা, গাজর ৪০ টাকাতে মোটামুটি পাওয়া যাচ্ছিল। এবার সব কিছুর দাম চড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পেঁয়াজ, টমাটো, মটরশুঁটি, বিনস ছাড়াও বাইরের রাজ্য থেকে বেগুন প্রচুর পরিমাণে আসছে এখন। এগুলির দাম সাধারণ হিসেবে বৃদ্ধি হওয়ার কথা নয়। কিন্তু পরিস্থিতির সুযোগ খুচরো ও পাইকারি বিক্রেতারা এখন নিতে পারেন এমন আশঙ্কা আছে।
এই বৃষ্টির পর হিমঘরে আলুর দাম চড়তে শুরু করেছে। জ্যোতি আলুর ৫০ কেজির বস্তার বন্ড যেখানে এবার বেশিরভাগ সময় ১৫০ টাকার নীচে ছিল, তা এদিন ৩০০ টাকা ছুঁয়েছে বলে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্তা লালু মুখোপাধ্যায় জানিয়েছেন। হিমঘরের ভাড়া সহ অন্যান্য খরচ করে জ্যোতি আলু কয়েকদিন আগেও ৮ টাকা কেজি দরে বের হচ্ছিল। সেটা এদিন ১২ টাকা হয়ে গিয়েছে। খুচরো বাজারে জ্যোতি আলু মোটামুটি ১৫ টাকাতে দীর্ঘদিন ধরে বিক্রি হচ্ছিল। সেটা এবার বাড়বে। চন্দ্রমুখী আলুও ২০ টাকা থেকে আরও বাড়বে। ব্যবসায়ী সংগঠনের কর্তা জানিয়েছেন, বৃষ্টির জন্য আলু চাষ মার খাওয়ায় এবার নতুন আলু বাজারে আসতে দেরি হবে। এই কারণে হিমঘরে মজুত আলুর দাম চড়ছে। হিমঘরে এখনও প্রায় ১৮ লক্ষ টন আলু মজুত আছে। যা এক মাসের বেশি সময়ের চাহিদা মেটানোর পক্ষে যথেষ্ট।



