নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘূর্ণিঝড়ের জেরে অকালে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাজ্যের চাষিদের জন্য প্রাথমিক ক্ষতিপূরণের প্যাকেজ রবিবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাকৃতিক দুর্যোগে ধান, আলু, সরিষা, সবজি, ফুল, ফল, পানের বরজ মিলিয়ে প্রায় ১ লক্ষ ৬০ হাজার হেক্টর জমিতে কৃষিপণ্যের ক্ষতি হয়েছে। মোট ক্ষতির পরিমাণ ৮১৬ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৫ লক্ষ ৭৩ হাজার। আপাতত রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল (এসডিআরএফ) থেকে মোট ২০৫ কোটি টাকা প্রাথমিক ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অ্যাকাউন্টে জেলাশাসকদের মাধ্যমে ক্ষতিপূরণের টাকা পৌঁছে যাবে। সেচসেবিত এলাকায় প্রতি হেক্টরে ১৭ হাজার টাকা করে দেওয়া হবে। এককাঠা জমি থাকলেও অন্তত ২ হাজার টাকা পাবেন কৃষক। শুধু বৃষ্টির উপর নির্ভরশীল এলাকায় ক্ষতিপূরণ যথাক্রমে ৮,৫০০ টাকা এবং ন্যূনতম ১ হাজার টাকা। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ফের চাষ করার জন্য ৫ কোটি টাকার বীজ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের হাতে পর্যাপ্ত অর্থ আছে। কেন্দ্রের কাছ থেকে বিশেষ বরাদ্দ আপাতত চাওয়া হচ্ছে না।



